কলকাতা পুরভোটের নির্ঘণ্ট ঘোষণায় হাইকোর্টের স্থগিতাদেশ, আসন পুনর্বিন্যাস মামলার রায় শুক্রবার

কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলার চূড়ান্ত রায় ঘোষণা না হওয়া পর্যন্ত পুরসভা নির্বাচনের কোনো দিনক্ষণ বা বিজ্ঞপ্তি জারি করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯টি করার রাজ্য সরকারের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন সিপিএমের দীপু দাস। বুধবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়। আগামী শুক্রবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট।
মামলাকারীর পক্ষে প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেন, জনসংখ্যা ও ভৌগোলিক সামঞ্জস্য না মেনেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পুরসভা ভেঙে যাওয়ার পর পুর কমিশনারের এই সুপারিশ করার এখতিয়ার নিয়েও তিনি প্রশ্ন তোলেন। অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানান, খসড়া প্রকাশের পর সময় দেওয়া সত্ত্বেও তখন কেউ আপত্তি জানাননি। দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতিদের নির্দেশ, শুক্রবার আদালতের রায় সামনে না আসা পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না।