স্ত্রী সব জানেন! পুলিশের জেরায় ইন্দ্রনীলের বিস্ফোরক দাবি, লালবাজারে বাড়ছে চাপানউতোর

দুর্গাপুজোর পাস এবং পর্যটন দফতরের টেন্ডার দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনকে মুখোমুখি বসিয়ে জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ১০০ কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগে লালবাজারে চলছে এই হাইপ্রোফাইল জিজ্ঞাসাবাদ, যেখানে একে অপরকে দোষারোপ করছেন এই দম্পতি। মধুছন্দার দাবি, বারণ করা সত্ত্বেও ইন্দ্রনীল শুনতেন না; পাল্টা ইন্দ্রনীলের দাবি, স্ত্রী সবটাই জানতেন। ইউনেস্কোর নাম ব্যবহার করে কোটি কোটি টাকার দুর্নীতি এবং নির্দিষ্ট সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন ইন্দ্রনীল, অন্যদিকে হাই কোর্ট থেকে আগাম জামিন পেয়ে জেরা সামলাচ্ছেন তাঁর স্ত্রী।
তদন্তকারীদের মতে, বিভিন্ন সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা ঘুস হিসেবে প্রথমে ইন্দ্রনীলের কন্যার অ্যাকাউন্টে যেত এবং সেখান থেকে পরে তা স্থানান্তরিত হতো প্রাক্তন মন্ত্রীর অ্যাকাউন্টে। এই আর্থিক কারচুপির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর কন্যাকে পর পর দু’দিন লালবাজারে তলব করা হলেও, তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন। তবে লালবাজারের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ফের তলব করা হলেও উপস্থিত না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য পুলিশ ইতিমধ্যেই ৫ থেকে বাড়িয়ে ৯ সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে।