অটোয় মোবাইল হারিয়ে বিপত্তি, এক সপ্তাহেই ব্যাংক থেকে গায়েব দুই লক্ষ টাকা!

অটোয় মোবাইল হারিয়ে বিপত্তি, এক সপ্তাহেই ব্যাংক থেকে গায়েব দুই লক্ষ টাকা!

 

অটোয় মোবাইল খোয়ানোর পর ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও ২ লক্ষ টাকা

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: অটোয় যাতায়াতের সময় মোবাইল ফোন হারিয়ে বিপাকে পড়লেন টালিগঞ্জের এক প্রৌঢ়। অভিযোগ, ওই ফোনটি হাতিয়ে সাইবার প্রতারকরা তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে ২ লক্ষ টাকা তুলে নিয়েছে। এই ঘটনায় টালিগঞ্জ থানায় জিরো এফআইআর দায়ের করেছেন ভুক্তভোগী শোভনকুমার চক্রবর্তী।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোডের বাসিন্দা শোভনবাবু গত ২৫ অক্টোবর ঠাকুরপুকুর এলাকায় গিয়েছিলেন। ফেরার পথে তিনি ঠাকুরপুকুর থেকে বেহালা চৌরাস্তাগামী একটি অটোয় ওঠেন। গন্তব্যে নেমে তিনি খেয়াল করেন, প্যান্টের পকেটে রাখা তাঁর মোবাইল ফোনটি নেই। এরপর তিনি দ্রুত ঠাকুরপুকুর থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘটনার সপ্তাহখানেক পর শোভনবাবুর কাছে ব্যাংকের পক্ষ থেকে ফোন আসে। ব্যাংক আধিকারিকরা জানান, তাঁর অ্যাকাউন্ট থেকে দু’দফায় ৮০ হাজার ও ২০ হাজার করে মোট ১ লক্ষ টাকা তোলা হয়েছে। এরপর আরও দুই দফায় একইভাবে সমপরিমাণ টাকা অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে। সব মিলিয়ে মোট ২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। লেনদেনের বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে বিষয়টি জানতে পারেন ওই প্রৌঢ়। এরপরই তিনি দ্রুত ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটি ব্লক করান এবং পুলিশের দ্বারস্থ হন।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, খোয়া যাওয়া মোবাইলটি কোনোভাবে সাইবার প্রতারকদের হাতে চলে গেছে। মোবাইল ও সিম কার্ডের তথ্য ব্যবহার করে বা চোরাই বাজারের মাধ্যমে ফোনটি প্রতারকদের কাছে পৌঁছানোর পর এই জালিয়াতি করা হয়েছে। যেহেতু অপরাধটি ঠাকুরপুকুর থানা এলাকায় ঘটেছে, তাই টালিগঞ্জ থানা থেকে জিরো এফআইআর-এর কপি ঠাকুরপুকুর থানায় পাঠানো হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *