ভোটার তালিকায় নাম তোলার নিয়মে বড় বদল! ফর্ম ৬ থেকে বাদ গেল এসআইআর ঘোষণা

নির্বাচন কমিশনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভোটার তালিকায় নতুন নাম তোলার আবেদনপত্র অর্থাৎ ফর্ম ৬ (Form 6) থেকে এসআইআর (SIR) সংক্রান্ত ঘোষণাপত্র সম্পূর্ণ আলাদা করা হয়েছে। এখন থেকে অনলাইনে ফর্ম ৬ পূরণের সময় আবেদনকারীদের আর এই সংক্রান্ত ঘোষণা দিতে হবে না। দেশের সমস্ত রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই নিয়ম কার্যকর হয়েছে এবং দুই নির্বাচন কমিশনারের আপত্তির পরেই এই পদক্ষেপ করেছে কমিশন। এর ফলে নতুন ভোটার হওয়ার আবেদন এবং এসআইআর ঘোষণাপত্র এবার থেকে পৃথকভাবে জমা দিতে হবে।
রেজিস্ট্রেশন অফ ইলেকটর্স রুলস, ১৯৬০ অনুযায়ী কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া নির্ধারিত ফর্ম ৬-এ পরিবর্তন আনা যায় না, এই যুক্তিতেই আপত্তি জানিয়েছিলেন নির্বাচন কমিশনাররা। তবে এর অর্থ এই নয় যে এসআইআর ঘোষণা বাতিল করা হয়েছে; বরং প্রক্রিয়াটি আগের মতো থাকলেও তা এখন ফর্ম ৬-এর অংশ থাকছে না। একই সঙ্গে কমিশনের কার্যপদ্ধতিতেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে রয়েছে বৈঠকের আগে আলোচ্যসূচি পাঠানো এবং পরে কার্যবিবরণী প্রকাশ। আসন্ন বিধানসভা নির্বাচন ও ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার ডামাডোলে পশ্চিমবঙ্গের নতুন ভোটারদের জন্য এই নির্দেশিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।