পিএম কিষাণের সঙ্গে অতিরিক্ত ১০০০ টাকা! মুখে হাসি ফুটল ৬ লক্ষ কৃষকের

পূর্ব মেদিনীপুরে কৃষকদের জন্য বাড়তি আর্থিক সহায়তা ও কৃষি উপকরণ প্রদান
পূর্ব মেদিনীপুর: রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষণা অনুযায়ী, কেন্দ্রীয় প্রকল্পের নির্ধারিত অর্থের সঙ্গে এবার রাজ্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ১ হাজার টাকা করে প্রদান শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে জেলা প্রশাসন ভবনে এক অনুষ্ঠানে ২১ জন উপভোক্তার হাতে সরাসরি আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) তানিয়া পারভিন এবং জেলা কৃষি আধিকারিক সুকান্ত সাহারায়সহ কৃষি দফতরের শীর্ষ কর্মকর্তারা।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদানই নয়, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এদিন অনুষ্ঠানে উপস্থিত বহু কৃষকের হাতে নতুন মরশুমের জন্য উন্নতমানের সর্ষে ও খেসারির বীজের পাশাপাশি প্রয়োজনীয় কৃষি উপকরণ ও ওষুধপত্র তুলে দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের দ্রুত ক্ষতি পুষিয়ে তাঁদের পুনরায় কৃষি কাজে উৎসাহিত করতেই এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মেনে চলতি দফায় পূর্ব মেদিনীপুরের বিপুল সংখ্যক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাড়তি আর্থিক সহায়তার অর্থ পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকারি এই সহায়তায় জেলার হাজার হাজার চাষি উপকৃত হবেন বলে মনে করছে কৃষি মহল।