রনজির হার ভুলে টি-টোয়েন্টি জয়ের লক্ষ্যে বাংলা, পাশে থাকছেন খোদ সৌরভ!

মুস্তাক আলির জন্য বাংলার দল ঘোষণা, নেতৃত্বে অভিমন্যু ঈশ্বরণ
নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রের বিরুদ্ধে রনজি ট্রফি ম্যাচ শেষ হওয়ার পরই সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য বাংলার দল ঘোষণা করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে শক্তিশালী দল গঠন করা হয়েছে, যেখানে অভিজ্ঞ মহম্মদ সামি ও মুকেশ কুমারকে রাখা হয়েছে।
ঘোষিত ১৮ সদস্যের দলে রয়েছেন— অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সুদীপ ঘরামি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার), যুবরাজ কেসওয়ানি, আদিত্য পুরোহিত, করণ লাল, সৌরভ হালদার, প্রদীপ্ত প্রামাণিক, প্রয়াস রায় বর্মন, মহম্মদ সামি, মুকেশ কুমার, শাহবাজ আহমেদ, কনিষ্ক শেঠ, সায়ন ঘোষ, সৈয়দ আফতাব ইরফান, শশাঙ্ক সিং, অখিলেশ যাদব ও ঋষভ চৌধুরি।
আগামী ১৪ নভেম্বর কর্নাটকের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মুস্তাক আলিতে নিজেদের অভিযান শুরু করবে বাংলা। তবে এই টুর্নামেন্টে শাহবাজ আহমেদের উপস্থিতি নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য ভারতীয় ‘এ’ দলে ডাক পাওয়ায়, প্রথম ম্যাচের পর গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলিতে তিনি দলের সঙ্গে থাকতে পারবেন না। তবে দল দ্বিতীয় রাউন্ডে উঠলে তিনি পুনরায় যোগ দেবেন। এছাড়া মুকেশ কুমারও বর্তমানে ভারতীয় ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড সফরে থাকায়, দেশে ফিরে তিনি দলের সঙ্গে যুক্ত হবেন। এদিকে, মহম্মদ সামি সরাসরি মুম্বইয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
মুম্বইয়ে আয়োজিত গ্রুপ পর্বে বাংলার প্রতিপক্ষ হিসেবে রয়েছে কর্নাটক, চণ্ডীগড়, ঝাড়খণ্ড, মিজোরাম, বরোদা, উত্তরপ্রদেশ এবং রাজস্থান। এই কঠিন গ্রুপে লড়াইয়ের প্রস্তুতির জন্য শুক্রবার থেকে সল্টলেকের জেইউ সেকেন্ড ক্যাম্পাসে অনুশীলন শুরু হচ্ছে। কোচ লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন, রনজি ম্যাচ খেলা ক্রিকেটারদের শুক্রবার অনুশীলনে আসা বাধ্যতামূলক নয়। তিনদিন সল্টলেকে অনুশীলনের পর শেষ দুদিন ইডেন গার্ডেন্সে প্রস্তুতি সারবে দল। সেখানে উপস্থিত থেকে ক্রিকেটারদের পরামর্শ দেবেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী ১১ নভেম্বর মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেবে বাংলা দল।