হোটেল বিলাস ইন কাণ্ড: এনকাউন্টারে খতম মূল খুনি ঘনকান্ত গগৈ!

পুলিশের পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত হোটেল বিলাস ইন হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত
নিজস্ব প্রতিনিধি, শিবসাগর: গুয়াহাটি থেকে শিবসাগরে স্থানান্তরের পথে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হলো কুখ্যাত শুটার ঘনকান্ত গগৈয়ের। বুধবার গভীর রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গত ২৬ অক্টোবর গুয়াহাটির ‘হোটেল বিলাস ইন’-এ পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ছিল সে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সাত দিনের পুলিশি রিমান্ড শেষে মঙ্গলবারই ঘনকান্তকে কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়েছিল। তবে মামলার তদন্তে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহের জন্য বুধবার পুলিশের একটি বিশেষ দল তাকে গুয়াহাটি থেকে শিবসাগরে নিয়ে যাচ্ছিল।
শিবসাগরের এসএসপি পাপড়ি চেতিয়া জানান, যাত্রাপথে ঘনকান্ত হঠাৎ শৌচাগারে যাওয়ার আর্জি জানায়। গাড়ি থামিয়ে তাকে নামানোর পরই সে চরম দুঃসাহস দেখায়। পুলিশের এক আধিকারিকের সার্ভিস পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সে। এসএসপি-র দাবি, প্রশিক্ষিত শুটার হওয়ার সুবাদে ঘনকান্ত অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে আক্রমণ চালায়। ধস্তাধস্তির সময় পুলিশ আধিকারিকের অস্ত্র থেকে তিন রাউন্ড গুলি চলে। নিজের সহকর্মীর প্রাণ বাঁচাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তখন এক পিএসও (PSO) বাধ্য হয়ে পাল্টা গুলি চালান।
গুলির আঘাতে গুরুতর জখম ঘনকান্তকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এই ধস্তাধস্তিতে এক পুলিশ আধিকারিকও ডান পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর গুয়াহাটির ‘হোটেল বিলাস ইন’-এ আচমকা ঢুকে অতর্কিতে গুলিবর্ষণ করে পাঁচজনকে হত্যার ঘটনায় পুরো রাজ্য কেঁপে উঠেছিল। নিহতদের মধ্যে চারজনই ছিলেন হোটেলের মালিকপক্ষের সদস্য। তদন্তে উঠে আসে, সম্পত্তির বিরোধের জেরে এই নারকীয় হত্যাকাণ্ডের ছক কষেছিল ঘনকান্ত। ঘটনার এক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করেছিল অসম পুলিশ। গঠন করা হয়েছিল বিশেষ তদন্তকারী দল (SIT)। মামলার চার্জশিট পেশের আগেই অভিযুক্তের এই মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।