মাঠে নামার আগে কোকেন সেবন! বড়সড় বিতর্কে কেকেআরের প্রাক্তন তারকা?

ডোপিংয়ের দায়ে তিন মাসের নিষেধাজ্ঞা ক্রিস লিনের, পরে মেয়াদ কমিয়ে এক মাস
নর্থহ্যাম্পটন: ডোপিং পরীক্ষায় ব্যর্থ হয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার ক্রিস লিন। নর্থহ্যাম্পশায়ারের হয়ে খেলার সময় রুটিন ডোপ টেস্টে তাঁর নমুনায় বেনজোইলেকগনিন (benzoylecgonine) নামক কোকেনের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। শুক্রবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, হজমের ওষুধ থেকে শরীরে এই নিষিদ্ধ উপাদান প্রবেশ করে বলে জানা গেছে। ক্রীড়াবিদদের ক্ষেত্রে এই ধরনের ওষুধ গ্রহণ নিষিদ্ধ এবং এটি পারফরম্যান্সে সরাসরি প্রভাব না ফেললেও ডোপিং নীতি অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হয়। লিন নিজের দোষ স্বীকার করে নেওয়ায় ইসিবি শুরুতে তাঁকে তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছিল। পরবর্তীতে রিহ্যাব প্রক্রিয়ায় দ্রুত উন্নতির কারণে তাঁর নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে এক মাস করা হয়েছে। বর্তমানে সেই মেয়াদ শেষ হয়েছে।
উল্লেখ্য, ৩৬ বছর বয়সী লিন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল ব্যাটার এবং বিগ ব্যাশ লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক। আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), ডেকান চার্জার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে ১৮টি টি-টোয়েন্টি ও চারটি ওয়ানডে ম্যাচ খেলা এই ক্রিকেটার বর্তমানে বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে সক্রিয়। আগামী বিগ ব্যাশ মরশুমে তাঁকে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে দেখা যাবে।