২২ গজে ফের বৈভব ধামাকা, এবার কোন চমক দেখাবেন এই তরুণ তুর্কি?

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহারের হয়ে খেলার ইঙ্গিত বৈভবের
নিজস্ব প্রতিবেদক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ না পেলেও মাঠের বাইরে থাকছেন না প্রতিশ্রুতিমান তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের লোগো শেয়ার করে ‘সুন’ (Soon) বা ‘শীঘ্রই’ লিখে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তিনি। এই পোস্টের পরই জল্পনা শুরু হয়েছে যে, আসন্ন রাইজিং স্টারস এশিয়া কাপে ভারতীয় ‘এ’ দলের হয়ে মাঠে নামার আগে ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহারের প্রতিনিধিত্ব করতে পারেন এই ব্যাটার।
সূচি অনুযায়ী, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহার তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ১৪ নভেম্বর। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে প্রতিপক্ষ সৌরাষ্ট্র। এর পর ১৬ নভেম্বর রেল এবং ১৮ নভেম্বর দিল্লির বিরুদ্ধে মাঠে নামবে বিহার। সূত্রের খবর, এই টুর্নামেন্টের জন্য বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন যে ক্রিকেটারদের ট্রায়ালে ডেকেছে, তাতে বৈভবের নামও রয়েছে। যদিও রাজ্য দলের হয়ে তাঁর খেলার বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
রাইজিং স্টারস এশিয়া কাপের আগে বিহারের হয়ে এই তিনটি ম্যাচ খেলার সুযোগ পেলে তা বৈভবের প্রস্তুতির ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আগামী ২০ নভেম্বর দোহায় নেপালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় ‘এ’ দলের এশিয়া কাপ অভিযান শুরু হবে। এরপর ২২ নভেম্বর পাকিস্তান এবং ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবে ভারত।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে সুযোগ না পাওয়ায় বৈভবকে নিয়ে ক্রিকেট মহলে আলোচনার সৃষ্টি হয়েছিল। এখন ঘরোয়া লিগে খেলার সম্ভাবনা তৈরি হওয়ায় আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে তিনি নিজেকে কতটা মেলে ধরতে পারেন, সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।