কলকাতা পুরভোট স্থগিত! হাইকোর্টের নির্দেশে বড় ধাক্কা রাজ্য সরকারের?

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় স্থগিতাদেশ, থমকালো পুরভোটের প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯টি করার রাজ্য সরকারের সিদ্ধান্তে আপাতত স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের ফলে পুরসভার বর্ধিত ওয়ার্ড সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়া এবং পুরভোটের সম্ভাব্য প্রস্তুতি সাময়িকভাবে থমকে গেল।
গত ১১ সেপ্টেম্বর রাজ্য সরকার কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্গঠন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের করেন কসবার বাসিন্দা ও সিপিএম নেতা দীপু দাস। মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, ওয়ার্ডের নতুন সীমানা নির্ধারণের ক্ষেত্রে জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক সামঞ্জস্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষিত হয়েছে। এছাড়া, পুরবোর্ড ভেঙে যাওয়ার পর পুর কমিশনারের এই ধরনের সুপারিশ করার কোনো আইনি এক্তিয়ার নেই বলেও আদালতে দাবি করা হয়।
এর আগে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য রাজ্য সরকারকে ৪ সপ্তাহের মধ্যে হলফনামা জমার নির্দেশ দিয়েছিলেন। তবে মামলাকারীর আশঙ্কা ছিল, সিঙ্গল বেঞ্চের আইনি প্রক্রিয়ায় দীর্ঘ সময় ব্যয় হতে পারে এবং এই সময়ের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে গেলে মামলাটি গুরুত্বহীন হয়ে পড়বে। এই আশঙ্কায় তিনি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন।
অন্যদিকে, পুরসভার পক্ষে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানান, বর্ধিত ওয়ার্ডের খসড়া প্রকাশের সময় কোনো আপত্তি জমা পড়েনি। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর ডিভিশন বেঞ্চ বর্তমান প্রক্রিয়ায় স্থগিতাদেশের নির্দেশ দেয়। আদালতের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর সব মহলের।