রিলস তৈরির ভয়াবহ নেশা, কলকাতায় যুবককে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা!

সোশ্যাল মিডিয়ায় রিল বানানোর নেশায় যুবককে পুড়িয়ে মারার চেষ্টা, কলকাতায় ধৃত ৫
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: খাস কলকাতার বুকে সোশ্যাল মিডিয়ায় রিল বানানোর নেশায় এক ১৮ বছর বয়সী যুবককে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে হালতুর লেনিননগর পুকুরপাড় এলাকায়। এই নৃশংস ঘটনায় পুলিশ অর্ঘ্য নামে এক ব্যক্তি সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে দুইজন নাবালক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত যুবককে পুকুরপাড়ের ধারে আড্ডা দেওয়া অভিযুক্তরা ডেকে আনে। অভিযোগ, সেখানে বসিয়ে ওই যুবকের পানীয়তে পেট্রল মেশানোর চেষ্টা করা হয়। যুবক তা বুঝতে পেরে প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় এবং জোর করে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার পুরো বিষয়টি মোবাইলে ভিডিও করা হচ্ছিল, যাতে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা যায়।
ভয়াবহ এই আক্রমণের মুখে পড়েও যুবকটি জ্বলন্ত অবস্থায় প্রাণপণে দৌড়ে পালিয়ে কোনোমতে জীবন বাঁচান। তবে তাঁর শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে গেছে। আক্রান্ত যুবক জানান, প্রায় ছ’মাস আগে অভিযুক্তদের সঙ্গে তাঁর পাঁচশো টাকা লেনদেন নিয়ে একটি ছোট বিবাদ ছিল, যা আগেই মিটিয়ে দেওয়া হয়েছিল। সেই পুরনো ক্ষোভ থেকেই এই হামলা চালানো হয়েছে বলে তাঁর দাবি।
ঘটনার পর নির্যাতিত যুবক গড়ফা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অর্ঘ্যসহ তিনজনকে গ্রেপ্তার করে এবং বাকি দুই নাবালককে আটক করে। জনবহুল এলাকায় এমন অমানবিক ও নৃশংস ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।