ধনতেরসে নদিয়ায় উপচে পড়া ভিড়, সোনার দোকানে কেনাকাটার হিড়িক!

ধনতেরসে নদিয়ায় উপচে পড়া ভিড়, সোনার দোকানে কেনাকাটার হিড়িক!

 

ধনতেরসে নদিয়ায় সোনার দোকানে রেকর্ড ভিড়, মন্দায় বাসন ব্যবসায়ীরা

নদিয়া: ধনতেরসের দিন নদিয়া জেলার স্বর্ণ বিপণিগুলোতে ক্রেতাদের অভাবনীয় ভিড় লক্ষ্য করা গেল। করিমপুর থেকে কল্যাণী কিংবা কৃষ্ণনগর থেকে রানাঘাট— জেলার সর্বত্রই গয়নার দোকানে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, গত কয়েক বছরের তুলনায় এবারের বিক্রিবাটা সব রেকর্ড ছাপিয়ে গেছে।

ব্যবসায়ীদের মতে, সোনার দাম কিছুটা কমে যাওয়াই এই বিপুল বিক্রির প্রধান কারণ। কিছুদিন আগেও ১০ গ্রাম সোনার দাম (মজুরি, কর ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে) ১ লক্ষ ৮০ হাজার টাকা ছুঁয়েছিল। গত কয়েক মাসে তা ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত কমেছে। পাশাপাশি, ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন স্বর্ণ বিপণি ‘মহা ছাড়’-এর বিজ্ঞাপন দিয়েছে, যা বিক্রিতে বাড়তি গতি এনেছে।

এবারের প্রবণতা সম্পর্কে কৃষ্ণনগরের এক স্বর্ণ ব্যবসায়ী বলেন, “সোনা শুধু অলঙ্কার নয়, বিনিয়োগেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শুভ দিনে বিনিয়োগের সুযোগ হাতছাড়া করতে চাইছেন না সাধারণ মানুষ।” রানাঘাটের ব্যবসায়ী অমলেন্দু কর্মকারের মতে, শেয়ার বাজারের পরিস্থিতির পাশাপাশি সোনার দামের এই পতন ক্রেতাদের সোনা কিনতে উৎসাহিত করেছে। বাজারে এখন হালকা ডিজাইনের গয়না, যেমন— আংটি, ছোট সোনার চোকার, শাখা-পলা বাঁধানো এবং বিনিয়োগের জন্য সোনার গিনির চাহিদাই সবচেয়ে বেশি।

তবে সোনার দোকানের এই রমরমা ব্যবসার বিপরীতে চিত্রটা একেবারেই অন্যরকম বাসনালয়গুলোতে। ক্রেতাদের সোনা কেনার প্রবণতা বাড়ায় বাসন ব্যবসায়ীদের বিক্রি অর্ধেকেরও কমে নেমে এসেছে। নাজিরপুরের এক বাসন ব্যবসায়ী সুমন সাহা জানান, প্রতি বছর ধনতেরসে স্টিলের বাসন কেনার জন্য দীর্ঘ লাইন থাকলেও, এ বছর সেই তুলনায় ক্রেতার দেখা নেই। সোনার দাম সাধ্যের মধ্যে থাকায় সাধারণ মানুষের মনোযোগ এখন বাসনের চেয়ে সোনার দিকেই বেশি বলে মনে করছেন ব্যবসায়ীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *