হাড়ালে নিষিদ্ধ বাজি বিক্রির আসর, পুলিশের অভিযানে তোলপাড় বাজার!

হাড়ালে নিষিদ্ধ শব্দবাজি বিরোধী অভিযান, পুলিশের জালে বিক্রেতারা
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর:
প্রকাশ্যে নিষিদ্ধ শব্দবাজি বিক্রির অভিযোগে বারুইপুরের হাড়াল বাজারে অভিযান চালাল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বারুইপুর পুলিশ জেলার বিশেষ দল এই আচমকা হানা দেয়।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে হাড়াল বাজারে বেশ কিছু দোকানে তল্লাশি চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস। উপস্থিত ছিলেন বারুইপুরের এসডিপিও অনুপ্রিয়া চৌধুরী এবং বারুইপুর থানার আইসি শান্তনু মিত্র।
অভিযান চলাকালীন বেশ কয়েকটি দোকান থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়। অবৈধভাবে এই বাজি মজুত ও বিক্রি করার অভিযোগে কয়েকজনকে আটক করেছে পুলিশ। উৎসবের মরসুমে শব্দদূষণ রোধে এবং নিষিদ্ধ বাজি রুখতে জেলা পুলিশের এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। উদ্ধার হওয়া বাজিগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এর নেপথ্যে কোনো বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।