মাওবাদী ডেরায় তল্লাশি! ছত্তিশগড়ে উদ্ধার ৭১১টি বিধ্বংসী গ্রেনেড, আতঙ্কিত এলাকাবাসী?

বিজাপুরে মাওবাদী ডেরায় বিপুল বিস্ফোরক উদ্ধার, সতর্ক নিরাপত্তা বাহিনী
বিজাপুর: ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিস্ফোরক উদ্ধার করা হয়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিজাপুর জেলা পুলিশ, সিআরপিএফ-এর ১৯৬ নম্বর ব্যাটালিয়ন এবং কোবরা (CoBRA)-র ২০৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা যৌথভাবে উসুর থানা এলাকার তাড়াপাল্লা গ্রামের পার্শ্ববর্তী গভীর জঙ্গলে তল্লাশি চালান। অভিযানে তাড়াপাল্লা ক্যাম্প থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে করেগুট্টা পাহাড়ের কাছ থেকে বিপুল সংখ্যক তাজা বিজিএল শেল উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনী সতর্কতার সঙ্গে সমস্ত বিস্ফোরক বাজেয়াপ্ত করেছে।
পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, করেগুট্টা এবং সংলগ্ন এলাকায় আরও বিস্ফোরক বা আইইডি থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই নিরাপত্তার খাতিরে সাধারণ মানুষকে ওই এলাকায় যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে। খুব শীঘ্রই ওই এলাকায় মাইন নিষ্ক্রিয়করণ অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এককালে করেগুট্টা পাহাড় মাওবাদী শীর্ষ নেতাদের নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত ছিল। গত বছরের এপ্রিল-মে মাসে ওই এলাকায় ২১ দিনব্যাপী অভিযানে ৩১ জন মাওবাদী নিহত হয়। গত নভেম্বর মাসে সেখানে নিরাপত্তা বাহিনীর একটি স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়। চলতি বছরের ৩১ মার্চ ছত্তিশগড়কে আনুষ্ঠানিকভাবে ‘সশস্ত্র মাওবাদী মুক্ত’ রাজ্য হিসেবে ঘোষণা করা হলেও, উদ্ধার হওয়া এই বিপুল অস্ত্রভাণ্ডার নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।