প্রয়াত প্রাক্তন বিধায়ক পরশ দত্ত, শোকের ছায়া রাজনৈতিক মহলে!

প্রয়াত প্রাক্তন বিধায়ক পরশ দত্ত
নিজস্ব প্রতিবেদন: প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক পরশ দত্ত। শুক্রবার রাত ৯টা ২০ মিনিট নাগাদ লেক গার্ডেন্সে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘ দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। পরিবার সূত্রে জানানো হয়েছে, শনিবার সকালে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
রাজনৈতিক জীবনের শুরুতে বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তী সময়ে মতপার্থক্যের কারণে পরশ দত্ত তৃণমূলে যোগ দেন। ২০০১ সালের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি প্রথমবার জয়ী হন। তবে ২০০৪ সালে দলের সঙ্গে মতবিরোধের জেরে তাঁকে বহিষ্কার করা হয়। এরপর তিনি কংগ্রেসে যোগ দেন এবং ২০০৬ সালের নির্বাচনে পুনরায় বেহালা পূর্ব থেকে লড়াই করে পরাজিত হন।
২০০৭ সালে রাজ্য রাজনীতিতে সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন চলাকালীন তিনি আবারও তৃণমূলে ফিরে আসেন। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুরের জগদ্দল কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি দ্বিতীয়বার বিধায়ক হন। এরপর ২০১৬ সালের নির্বাচনেও তিনি একই কেন্দ্র থেকে জয়লাভ করেন।
তবে কোভিড পরিস্থিতির পর থেকে পরশ দত্তের সক্রিয় রাজনীতিতে উপস্থিতি কমে আসে। নিজের বিধানসভা কেন্দ্রেও তাঁর যাতায়াত কমে যাওয়ায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল তাঁকে আর প্রার্থী করেনি। সেই থেকেই প্রবীণ এই নেতা লোকচক্ষুর অন্তরালে ছিলেন।