দশমাথা মহাকালী! মালদার বুকে অনন্য এই রূপের রহস্য কী?

ঐতিহাসিক দশমাথা মহাকালী পুজোর আয়োজনে মাতল মালদা, শতাব্দী প্রাচীন ঐতিহ্যে ভরপুর পুজো
মালদা: ব্রিটিশ শাসনবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত মালদা শহরের দশমাথা মহাকালী পুজো এবারও তার চিরাচরিত রীতি ও ঐতিহ্য মেনে শুরু হয়েছে। চতুর্দশী তিথিতে তন্ত্রমতে আয়োজিত এই পুজোর মূল আকর্ষণ প্রতিমার অনন্য গঠনশৈলী এবং এর দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট।
জানা যায়, ১৯৩০ সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে মালদার পুরাটুলির একদল তরুণ শারীরিক ও মানসিক শক্তি অর্জনের লক্ষ্যে এই পুজোর সূচনা করেন। পরবর্তীতে স্থানান্তরিত হয়ে এই পুজো ইংরেজবাজারের গঙ্গাবাগ এলাকায় স্থায়ী রূপ নেয়। ১৯৮৫ সালে বর্তমান মন্দিরটি নির্মিত হয়। স্থানীয় সাধক প্রফুল্লধন মুখোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত যে পঞ্চমুণ্ডির আসনে তিনি একদা তন্ত্রসাধনা করতেন, সেই আসনের ওপরই বর্তমানে দেবীর বেদি অবস্থিত। বর্তমানে ইংরেজবাজার ব্যায়াম সমিতি এই পুজোর সমস্ত দায়িত্ব পালন করছে।
দশমাথা মহাকালীর প্রতিমার রূপায়ণে রয়েছে বিশেষ স্বাতন্ত্র্য। শ্রীশ্রী চণ্ডীর বৈকৃতিক রহস্য ও বিহারের বিন্দু বাসিনী পাহাড়ের প্রাচীন মূর্তির বিবরণ অনুযায়ী এই প্রতিমা গড়ে তোলা হয়। দেবীর দশটি মাথা, দশটি হাত ও দশটি পা রয়েছে। প্রচলিত প্রতিমার মতো দেবীর নিচে শিবের অবস্থান নেই, পরিবর্তে দেবীর পদতলে রয়েছে অসুরের ছিন্ন মুণ্ডু। দেবীর প্রতিটি হাতে সজ্জিত রয়েছে বিভিন্ন ধারালো অস্ত্র।
পুজো কমিটির কর্মকর্তা পাপান দাস ও জয়ন্ত চৌধুরী জানান, প্রথা অনুযায়ী অমাবস্যার পরিবর্তে চতুর্দশী তিথিতেই এই পুজো অনুষ্ঠিত হয়। পাঁঠা বলিদানের রক্ত উৎসর্গের মাধ্যমে পুজোর সূচনা হয় এবং দেবীর বিশেষ ভোগ হিসেবে শোল মাছের টক নিবেদন করা হয়।
চতুর্দশীর সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মৃৎশিল্পীর কারখানা থেকে প্রতিমা মন্দিরে আনা হয়। পুজো উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলনের সাক্ষী এই প্রাচীন পুজোকে কেন্দ্র করে বর্তমানে উৎসবে মেতে উঠেছে সমগ্র মালদা শহর।