কালো টাকা সাদা করার নয়া ফন্দি! ইন্দ্রনীলের হয়ে কোটি টাকার কারবার শুভ’র?

দুর্গাপুজোর পাস দুর্নীতি: প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তদন্তকারী দলের
নিজস্ব প্রতিবেদন: দুর্গাপুজোর পাস দুর্নীতি মামলায় তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেলেন সিট (SIT) আধিকারিকরা। তদন্তে জানা গিয়েছে, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শুভ নামক এক ব্যক্তি তথ্য, সংস্কৃতি ও পর্যটন দপ্তর থেকে ৫০টিরও বেশি টেন্ডার বাগিয়ে নিয়েছিলেন। শুধু তাই নয়, এর মধ্যে একাধিক সাব-টেন্ডারও ছিল।
সিটের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ‘থার্ড লাইন ক্রিয়েশন’ নামক সংস্থার মাধ্যমে ইন্দ্রনীল সেন ও তাঁর মেয়ের অ্যাকাউন্টে এক কোটি ৫০ লক্ষেরও বেশি টাকা জমা পড়েছে। এছাড়া ‘মাস আর্ট’ নামক সংস্থায় জমা পড়ে ৬৬ লক্ষ টাকা। তদন্তকারীদের ধারণা, টাকা ঘোরানোর (মানি লন্ডারিং) উদ্দেশ্যেই শুভবাবু ইন্দ্রনীল সেনের পরামর্শে একের পর এক ভুয়ো কোম্পানি খুলেছিলেন। বর্তমানে ওই সংস্থাগুলোর আয়-ব্যয়ের নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
শুক্রবার সন্ধ্যায় সিটের আধিকারিকরা ইন্দ্রনীল সেনের বাড়িতে গিয়ে তল্লাশি চালান। এই মামলার তদন্তে শুভকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে, সুপরিকল্পিতভাবে ইউনেস্কোর লোগো ব্যবহার করে অনলাইনে পাস বিক্রি করা হচ্ছিল। শুভ তদন্তকারীদের কাছে দাবি করেছেন, পুরো বিষয়টি ইন্দ্রনীল সেনের জানা ছিল এবং তাঁর অফিসেই এই জালিয়াতির নীল-নকশা তৈরি হয়েছিল।
শুভ আরও স্বীকার করেছেন যে, ইন্দ্রনীল সেনই তাঁকে সরকারি টেন্ডার পাইয়ে দিতে সাহায্য করতেন। মাস আর্টের এই পদাধিকারীর বয়ান প্রাক্তন বিধায়ক ও মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেনের বিপদ অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।