বস্তির দখল নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র আলমবাজার!

বস্তির দখল নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র আলমবাজার!

 

বিজেপির অন্দরের কোন্দলে উত্তপ্ত আম্বেদকর কলোনি, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বিজেপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে আম্বেদকর কলোনিতে বুধবার রাতে তীব্র উত্তেজনা ছড়াল। দলের পুরনো ও নতুন গোষ্ঠীর বিবাদের জেরে মারধর, ভাঙচুর ও এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।

স্থানীয় সূত্রে খবর, আম্বেদকর কলোনিতে অবস্থিত কার্তিকবাবুর দু’টি বাড়ি অতীতে তৃণমূলের দখলে ছিল বলে অভিযোগ। তৃণমূলের জমানায় সেখানে পার্টি অফিস ও স্বাস্থ্য কেন্দ্র চালানো হতো। রাজনৈতিক পালাবদলের পর কার্তিকবাবু বাড়ি দু’টি পুনরুদ্ধার করে সেখানে নিজস্ব কাজকর্ম শুরু করেন। অভিযোগ, বর্তমানে বিজেপির একাংশ সেই বাড়ি নতুন করে দখল করে সেখানে পার্টি অফিস করতে চাইছে।

কার্তিকবাবুর অভিযোগ, বুধবার রাতে বহিরাগতদের নিয়ে এসে তাঁর বাড়িতে জোরপূর্বক দখলের চেষ্টা চালায় এক গোষ্ঠী। তিনি বলেন, “বিজেপি কার্যালয় করার নাম করে ওরা আমার ঘর দখল করতে চায়। বাধা দিলে আমার স্ত্রী, মা, বাবা ও আমাকে বেধড়ক মারধর করা হয়েছে। এমনকি আমার স্ত্রীর শ্লীলতাহানিও করা হয়েছে।” এই ঘটনায় কার্তিকবাবু ৪ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক ও মণ্ডল নেতা অসীম দাস সহ মোট ১৩ জনের নামে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

অন্যদিকে, অসীম দাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, “কার্তিকবাবু দলবল নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছেন। মহিলারাও সেই হামলার শিকার। তারাই জোর করে ঘর দখল করছে। নতুন বিজেপি সেজে এরা দলের পুরনো কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে।”

এই ঘটনায় দুই পক্ষেরই গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গেছে। কার্তিকবাবুর অভিযোগ, উল্টে তাঁকেই গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *