বসুন্ধরা পুলিশ ফাঁড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নাশকতার ছক নাকি বড় বিপদ?

পুলিশ ফাঁড়িতে রহস্যজনক বিস্ফোরণ, দায় স্বীকার জঙ্গি সংগঠনের দাবিতে চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশের ইন্দিরাপুরমে এক পুলিশ ফাঁড়িতে ঘটা জোরালো বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বিস্ফোরণের তীব্রতায় ফাঁড়ির কাচের জানালা চুরমার হয়ে যাওয়ার পাশাপাশি দেওয়ালে বড় ফাটল দেখা দিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, ফরেন্সিক দল ও অ্যান্টি টেররিজম স্কোয়াড (ATS)।
পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় ফাঁড়িতে কর্তব্যরত ছিলেন এক সাব-ইনস্পেক্টর। সেই মুহূর্তেই এক অনলাইন ডেলিভারি কর্মী পার্সেল দিতে এলে বিস্ফোরণটি ঘটে। এতে কাঁচের টুকরোর আঘাতে ওই ডেলিভারি কর্মী গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে পুলিশ। শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছান বম্ব ডিসপোজাল স্কোয়াড ও এটিএস-এর শীর্ষ আধিকারিকরা। ফরেন্সিক বিশেষজ্ঞরা বিস্ফোরকের ধরন ও উৎস খোঁজার জন্য নমুনা সংগ্রহ করছেন।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ‘তেহরিক-উল-মুজাহিদিন হিন্দুস্তান’ নামক একটি জঙ্গি সংগঠন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে। ‘Ghazi 2’ নামক একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং এই ঘটনাকে সরকারের বিরুদ্ধে পরিকল্পিত পদক্ষেপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
তবে জঙ্গি সংগঠনের এই দাবি এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। ইন্দিরাপুরমের সহকারী পুলিশ কমিশনার সূর্যবলী মৌর্য জানিয়েছেন, বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। এটি কোনো সাধারণ দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা, তা ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পরেই নিশ্চিত হওয়া যাবে। পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।