পেট্রোল চুরি করে পকেট কাটা হচ্ছে সাধারণ মানুষের! রাহুল গান্ধীর বিস্ফোরক অভিযোগে তোলপাড় দেশ।

পেট্রলে অতিরিক্ত ইথানল মেশানোর অভিযোগ, কেন্দ্রের নীতিকে ‘৪২০’ বলে তোপ রাহুল গান্ধীর
নিজস্ব প্রতিবেদন: পেট্রলে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ইথানল মেশানো হচ্ছে—এই অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে তিনি দাবি করেন, ‘E20’ নীতি এখন ‘৪২০’-এ পরিণত হয়েছে এবং সাধারণ মানুষের গাড়ির জ্বালানি থেকে সরাসরি চুরি করা হচ্ছে।
রাহুল গান্ধীর দাবি অনুযায়ী, কর্ণাটকের সাতটি জেলা থেকে ভারত পেট্রোলিয়াম (BPCL), নয়রা এনার্জি, ইন্ডিয়ান অয়েল (IOCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের (HPCL) মোট ১৪টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। একটি স্বাধীন ল্যাবরেটরিতে পরীক্ষার পর দেখা যায়, ১১টি নমুনাই ২০ শতাংশের বেশি ইথানলযুক্ত। এর মধ্যে IOCL ও HPCL-এর নমুনায় ইথানলের মাত্রা যথাক্রমে ৩১.২ শতাংশ এবং ৩০.৫ শতাংশ পর্যন্ত পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর কাছে রাহুল গান্ধীর প্রশ্ন, সাধারণ মানুষ পেট্রলের দাম দিয়ে অতিরিক্ত ইথানল কিনতে বাধ্য হচ্ছেন কি না এবং অভিযুক্ত সংস্থাগুলোর বিরুদ্ধে কবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
কর্ণাটক সরকারের খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী রিজওয়ান আরশাদ জানান, তেল সংস্থাগুলোর নিজস্ব ল্যাবে নমুনার রিপোর্টে ইথানলের সঠিক শতাংশের উল্লেখ না থাকায় সন্দেহ তৈরি হয়। এরপরই এনএবিএল (NABL) স্বীকৃত ও আইএসও (ISO) সার্টিফায়েড ‘শ্রীরাম রিসার্চ ইনস্টিটিউট’-এ পরীক্ষা করিয়ে অতিরিক্ত ইথানলের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে।
অন্যদিকে, রাহুল গান্ধী ও কর্ণাটক সরকারের এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে তেল বিপণনকারী সংস্থাগুলি (IOCL, BPCL ও HPCL)। এক যৌথ বিবৃতিতে সংস্থাগুলোর দাবি, সারা দেশে সরবরাহ করা E20 পেট্রল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) ‘IS 17021’ মানদণ্ড মেনেই প্রস্তুত করা হয়।
সংস্থাগুলোর অভিযোগ, নমুনা সংগ্রহের সময় তাদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না এবং পরীক্ষার কোনো পূর্ণাঙ্গ কারিগরি রিপোর্ট বা সংরক্ষিত নমুনা তাদের দেওয়া হয়নি। ফলে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বৈজ্ঞানিক প্রমাণের অভাবযুক্ত বলে দাবি করেছে তেল সংস্থাগুলি।