বয়সের বাধা দূর, আইনজীবী হওয়ার পথে বড় স্বস্তি পেলেন হাজার হাজার শিক্ষার্থী!

বয়সের বাধা দূর, আইনজীবী হওয়ার পথে বড় স্বস্তি পেলেন হাজার হাজার শিক্ষার্থী!

 

আইন পেশায় পড়ার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল বিসিআই

নিজস্ব প্রতিবেদন: বার কাউন্সিল অফ ইন্ডিয়া (বিসিআই) এক ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে আইন কোর্সে ভর্তির ক্ষেত্রে সমস্ত ধরনের সর্বোচ্চ বয়সসীমা বাতিল করেছে। শুক্রবার সুপ্রিম কোর্টে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিসিআই-এর এই সিদ্ধান্তের ফলে যে সমস্ত আগ্রহী প্রার্থী বয়সের বাধ্যবাধকতার কারণে এতদিন আইন পড়ার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন, তাঁরা এখন থেকে যেকোনো বয়সে আইন কোর্সে ভর্তি হতে পারবেন।

এই নতুন সিদ্ধান্তের পর সুপ্রিম কোর্টে বিচারাধীন সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত জনস্বার্থ মামলাটিরও নিষ্পত্তি হয়েছে।

পুরনো নিয়ম ও বির্তক:
বার কাউন্সিলের পূর্ববর্তী নিয়ম অনুযায়ী, পাঁচ বছরের ইন্টিগ্রেটেড ল কোর্সে ভর্তির ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির জন্য সর্বোচ্চ বয়সসীমা ছিল ২০ বছর এবং এসসি, এসটি ও ওবিসি প্রার্থীদের জন্য ২২ বছর। এছাড়া, স্নাতক পাসের পর তিন বছরের এলএলবি কোর্সে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ছিল ৪৫ বছর।

উল্লেখ্য, ২০০৮ সালের নিয়ম সংশোধন করে ২০১৬ সালে বিসিআই ওই বিতর্কিত নির্দেশিকা জারি করেছিল। এই নিয়মকে চ্যালেঞ্জ জানিয়ে ঋষভ দুগ্গল নামক এক চাকরিপ্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। ২০১৭ সালের মার্চ মাসে আদালত ওই বয়সের সীমার ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করে। সেই সময় থেকেই মামলাটি বিচারাধীন ছিল।

সুপ্রিম কোর্টে চূড়ান্ত নিষ্পত্তি:
চলতি বছরের ২৫ সেপ্টেম্বর মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট বিসিআই-এর কাছে জানতে চেয়েছিল, তারা আইন কোর্সে ভর্তির ক্ষেত্রে বয়সের শর্ত তুলে নিতে আগ্রহী কি না। সেই প্রশ্নের প্রেক্ষিতে শুক্রবার বিসিআই-এর আইনজীবী রাধিকা গৌতম সর্বোচ্চ আদালতকে জানান, বিসিআই-এর জেনারেল কাউন্সিল সর্বসম্মতিক্রমে আইন কোর্সে ভর্তির সমস্ত ঊর্ধ্বসীমা তুলে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

আইনজীবীদের মতে, বিসিআই-এর এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে আইনি শিক্ষা গ্রহণের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো এবং আগ্রহীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *