ঘুড়ি ধরতে গিয়ে মর্মান্তিক পরিণতি, বাইকের ধাক্কায় প্রাণ হারাল কিশোর!
November 8, 202611:35 am

ঘুড়ির পিছু ধাওয়া করতে গিয়ে বাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের
সংবাদদাতা, উলুবেড়িয়া: খেলতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ১১ বছরের এক কিশোরের। শনিবার বিকেলে বাগনান থানার হিজলকের খাজুট্টি মোড় এলাকায় ঘটনাটি ঘটে। মৃত কিশোরের নাম সোহন জানা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই বিকেলে বাড়ি থেকে খেলতে বেরিয়েছিল সোহন। প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে উড়তে থাকা একটি কেটে যাওয়া ঘুড়ি ধরতে গিয়ে হঠাৎই সে রাস্তার ওপর চলে আসে। সেই সময় তীব্র গতিতে আসা একটি বাইক তাকে সজোরে ধাক্কা মারে।
দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় কিশোরটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকেই পলাতক বাইক চালক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।