গঙ্গাস্নান সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা ডোমকলে, প্রাণ গেল এক মহিলার!

গঙ্গাস্নান সেরে ফেরার পথে মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১
নিজস্ব প্রতিবেদক, ডোমকল: কালীপুজো উপলক্ষে গঙ্গাস্নান সেরে বাড়ি ফেরার পথে মুর্শিদাবাদের ডোমকলে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার ডোমকল থানার ভাতশালা গোবিন্দপুর রাজ্য সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বহরমপুরের কয়েকজন বাসিন্দা অটো ভাড়া করে গঙ্গাস্নানে গিয়েছিলেন। স্নান সেরে ফেরার পথে ডোমকলের ভাতশালা গোবিন্দপুর রাজ্য সড়কে উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির টোটোর সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে অটো এবং টোটো— দুটিরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান এবং ডোমকল থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা সন্ধ্যা মণ্ডল (৪০) নামের এক মহিলাকে মৃত ঘোষণা করেন। মৃতার বাড়ি ডোমকলের কাটাকোপরা এলাকায়। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা চলছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত অটো ও টোটোটি বাজেয়াপ্ত করেছে। ঠিক কী কারণে এবং কত গতির কারণে এই মুখোমুখি সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।