সব বিতর্ক তুচ্ছ করে ইন্দোরেই দিলজিতের কনসার্ট, ভক্তদের জন্য বড় সুখবর!

সব বিতর্ক তুচ্ছ করে ইন্দোরেই দিলজিতের কনসার্ট, ভক্তদের জন্য বড় সুখবর!

 

বোমা হামলার হুমকি ও গানের ওপর বিধিনিষেধ, তবুও ইন্দোরে কনসার্টের প্রস্তুতিতে দিলজিৎ দোসাঞ্জ

ইন্দোর: গায়ক দিলজিৎ দোসাঞ্জের ‘AURA India Tour 2026’-এর অঙ্গ হিসেবে আগামী ১৫ নভেম্বর ইন্দোরে আয়োজিত হতে চলেছে একটি মেগা কনসার্ট। শো-কে কেন্দ্র করে গায়কের অনুরাগীদের মধ্যে উৎসাহ তুঙ্গে থাকলেও, অনুষ্ঠানের আগে একাধিক জটিলতায় ঘিরে ধরেছে আয়োজকদের।

সম্প্রতি ইন্দোরের তিনটি বেসরকারি স্কুল এবং মেয়র পুষ্যমিত্র ভার্গবের দফতরে ইমেল পাঠিয়ে কনসার্টে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। ওই ইমেলে কনসার্টে অংশ না নেওয়ার জন্য পড়ুয়াদেরও সতর্ক করা হয়। হুমকির পরই তৎপর হয়ে ওঠে প্রশাসন। বম্ব স্কোয়াড প্রতিটি জায়গায় তল্লাশি চালালেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ইন্দোর পুলিশের প্রাথমিক অনুমান, ইমেলগুলি ভুয়া। তবে আতঙ্ক ছড়ানোর নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে ক্রাইম ব্রাঞ্চ।

বোমা হুমকির পাশাপাশি কনসার্ট নিয়ে অন্য একটি বিতর্কও সামনে এসেছে। চণ্ডীগড়ের এক অধ্যাপকের অভিযোগের প্রেক্ষিতে গত ৬ নভেম্বর ইন্দোরের জেলা শিশু সুরক্ষা আধিকারিক স্থানীয় মল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যে, অনুষ্ঠানে দিলজিৎ যেন ‘পাতিয়ালা পেগ’, ‘৫ তারা’, ‘জীব বিচো লব্বিয়া’ এবং ‘জাট উঠে ফায়ার করদা’—এই চারটি গান পরিবেশন না করেন। অভিযোগ, গানগুলোতে মদ্যপান, মাদক এবং অস্ত্র ব্যবহারের প্ররোচনা দেওয়া হচ্ছে। ২০১৯ সালের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশিকা উল্লেখ করেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠান নিয়ে নিরাপত্তা সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছিল। কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পর অবশেষে সেখানে কনসার্টের অনুমতি মেলে। এছাড়া বিহারেও অনুমতি সংক্রান্ত জটিলতায় অনুষ্ঠান করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছিলেন শিল্পী।

সমস্ত প্রতিকূলতা ও বিতর্ককে উপেক্ষা করে ইন্দোরের মঞ্চে পারফর্ম করার জন্য সম্পূর্ণ প্রস্তুত দিলজিৎ। কনসার্টের ফাঁকে বিখ্যাত ‘ইন্দোরি পোহা’ উপভোগ করারও পরিকল্পনা রয়েছে তাঁর। ইন্দোরের পর ২১ নভেম্বর আমদাবাদ, ২৭ নভেম্বর মুম্বই, ২৯ নভেম্বর বেঙ্গালুরু, ৫ ডিসেম্বর লখনউ, ১২ ডিসেম্বর চণ্ডীগড় এবং ১৯ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁর কনসার্ট হওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *