পাক-অধিকৃত কাশ্মীরের পর এবার কি সিলেট-চট্টগ্রামও ভারতের দখলে? বিজেপি সাংসদের মন্তব্যে তোলপাড়!

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর পুনরুদ্ধারের দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের
নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক ও কৌশলগত সুরক্ষার স্বার্থে নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর পুনরুদ্ধার করা জরুরি বলে মন্তব্য করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর এই দাবি জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
নিশিকান্ত দুবের দাবি অনুযায়ী, ১৯৪৬ সালে দেশভাগের সময় এই তিনটি অঞ্চল তৎকালীন স্বাধীন ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের শাসনাধীন ছিল এবং ত্রিপুরার অবিচ্ছেদ্য অংশ হিসেবেই বিবেচিত হতো। সাংসদের অভিযোগ, দেশভাগের জটিল সময়ে মহারাজা এই এলাকাগুলোকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য তৎকালীন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একাধিকবার আবেদন জানালেও, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সেই আর্জি উপেক্ষা করেছিলেন।
ইতিহাসের প্রসঙ্গ টেনে নিশিকান্ত দুবে বলেন, ১৯৪৬ সালে নোয়াখালীতে ভয়াবহ দাঙ্গায় প্রায় ১০ হাজার হিন্দুকে হত্যা করা হয়েছিল। সে সময় জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষায় দাঙ্গাপীড়িত এলাকায় মানুষের পাশে দাঁড়াননি বলে অভিযোগ করেন তিনি। ১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর নেহেরুর মধ্যবর্তী সরকারের দায়িত্ব গ্রহণের বিষয়টিকে ক্ষমতার প্রতি আসক্তির প্রতিফলন হিসেবেই দেখছেন এই সাংসদ।
সাংসদের মতে, দেশভাগের সময় চট্টগ্রাম সমুদ্র বন্দর হাতছাড়া হওয়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য একটি বড় ভুল ছিল। এর ফলে অঞ্চলটি মূল ভূখণ্ড থেকে ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ না থাকায় উত্তর-পূর্ব ভারতের খনিজ সম্পদ, গ্যাস ও খনিগুলোর পূর্ণ সদ্ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ইতিহাসের সেই ‘ভুল’ সংশোধন করার লক্ষ্যেই তিনি উক্ত অঞ্চলগুলো পুনরুদ্ধারের ওপর জোর দিয়েছেন।