স্ত্রীর শাড়ি কিনে বাড়ি ফেরার পথেই কাল হলো থারের ধাক্কা!

দীপাবলির কেনাকাটা সেরে ফেরার পথে ঘাতক এসইউভি-র ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যক্তি
নিজস্ব প্রতিবেদন: দীপাবলির আনন্দের মধ্যেই এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সন্তোষ সিং চৌহান (৫৫) নামে এক ব্যক্তি। বাড়ির জন্য কেনাকাটা সেরে স্কুটারে করে ফেরার পথে দ্রুতগতির একটি মাহিন্দ্রা থার গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে। পরিবারের সদস্যদের জানিয়ে তিনি শাড়ি কিনতে বেরিয়েছিলেন, কিন্তু ফেরার পথেই ঘটে বিপত্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনায় কবলিত গাড়িটিতে দুই মহিলা ও এক পুরুষ ছিলেন। ওই মহিলাদের মধ্যে একজন গাড়ি চালানো শিখছিলেন এবং সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সন্তোষবাবুর স্কুটারে ধাক্কা মারেন।
সজোরে ধাক্কা দেওয়ার পর এসইউভি-টি নিয়ন্ত্রণ হারিয়ে অধ্যাপক কৈলাস চৌহানের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলে। এরপর পাশের জিএসটি সুপারিনটেনডেন্ট অনিতা মহাদেবনের বাড়ির দেওয়াল ভেঙে গাড়িটি একটি বাগানের ভেতর গিয়ে থামে।
দুর্ঘটনার পরপরই অভিযুক্তরা গাড়িটি ঘটনাস্থলেই ফেলে রেখে কৌশলে চম্পট দেন। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই অন্য একটি গাড়ি সেখানে এসে পৌঁছালে তাঁরা সেই গাড়িতে চড়ে দ্রুত এলাকা ত্যাগ করেন। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এলেও অভিযুক্তদের ধরা সম্ভব হয়নি।
খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গাড়ির নম্বর প্লেট থেকে মালিকের পরিচয় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, গাড়িটির মালিক কৃষ্ণকুমার, যার ঠিকানা পাঙ্কির পাঙ্কা বাহাদুর নগর। এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তরা যে গাড়িতে করে পালিয়েছেন, তার গতিপথ নিশ্চিত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করে পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।