দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির হানা, কবে জমিয়ে শীত পড়বে রাজ্যে?

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহের দ্বিতীয়ার্ধে নামতে পারে তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদন: সপ্তাহান্তের শুষ্ক আবহাওয়ার পর সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও, সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এদিন কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টির পরিধি আরও বাড়বে। এদিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বুধবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। ১২ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আবহাওয়া ফের শুষ্ক হয়ে যাবে এবং শুক্র ও শনিবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
তাপমাত্রার বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পরবর্তী দু’দিন তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে সপ্তাহের দ্বিতীয়ার্ধে রাতের তাপমাত্রা ফের ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, যার ফলে রাতের দিকে শীতের আমেজ কিছুটা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।