দীপাবলির আগেই বাম্পার ডিএ বৃদ্ধি! শিক্ষকদের মুখে হাসি ফুটিয়ে বড় চমক মুখ্যমন্ত্রীর!

দীপাবলির উপহার: পাঞ্জাবে কম্পিউটার শিক্ষকদের মহার্ঘ ভাতা ৪০ শতাংশ বাড়াল মান সরকার
চণ্ডীগড়: দীপাবলি উপলক্ষে পাঞ্জাবের কম্পিউটার শিক্ষকদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান কম্পিউটার শিক্ষকদের মহার্ঘ ভাতা (ডিএ) একধাক্কায় ৪০ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন রাজ্যের মোট ৬,৫০৭ জন কম্পিউটার শিক্ষক।
সরকারি ঘোষণা অনুযায়ী, কম্পিউটার শিক্ষকদের ডিএ ১৮১ শতাংশ থেকে বাড়িয়ে ২২১ শতাংশ করা হয়েছে। এই পদক্ষেপকে পাঞ্জাব সরকার ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে। উৎসবের মরসুমে এই ঘোষণায় সংশ্লিষ্ট শিক্ষক মহলে খুশির হাওয়া বইছে।
কম্পিউটার শিক্ষকদের পাশাপাশি রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্যও সুখবর দিয়েছে মান সরকার। উৎসবের উপহার হিসেবে প্রায় ৮ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীর ডিএ ৩ শতাংশ বাড়ানো হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরে রাজ্য সরকার সরকারি কর্মীদের জন্য মোট ১১ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে। এর আগে দু’টি কিস্তিতে ৪ শতাংশ করে ডিএ বাড়ানো হয়েছিল, যার ফলে তা ৪২ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশে পৌঁছেছিল। সাম্প্রতিক ৩ শতাংশ বৃদ্ধির ফলে বর্তমানে তা দাঁড়িয়েছে ৫৩ শতাংশে। জানা গেছে, নভেম্বর মাসের বেতনের সঙ্গেই এই বর্ধিত ডিএ কার্যকর হবে।
তবে এই স্বস্তির খবরের মাঝেও রাজ্যে বকেয়া ডিএ সংক্রান্ত বিতর্ক অব্যাহত রয়েছে। সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণের পরিমাণ বর্তমানে ২২,৮১৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে বর্তমানে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে মামলা বিচারাধীন রয়েছে।