নাগেরবাজারের হস্টেলে চিকিৎসকের রহস্যমৃত্যু! চাঞ্চল্যকর ঘটনায় স্তব্ধ এলাকা

নাগেরবাজারের হোস্টেল থেকে চিকিৎসকের দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: নাগেরবাজার থানা এলাকার একটি হোস্টেল থেকে অভিজিৎ সরকার নামে এক চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাত ১০টা নাগাদ হোস্টেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবর পাওয়ার পরপরই নাগেরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে। এটি স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনার জের, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা।
ঘটনার তদন্ত শুরু করেছে নাগেরবাজার থানার পুলিশ। হোস্টেলের অন্যান্য বাসিন্দা ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ প্রশাসন। রিপোর্ট আসার পরই মৃত্যুর রহস্য উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে।