নরেন্দ্রপুরে ইঞ্জিনিয়ার প্রেমিকের রহস্যমৃত্যু, গ্রেপ্তার প্রেমিকা ও তাঁর মা

নরেন্দ্রপুরে ইঞ্জিনিয়ার প্রেমিকের রহস্যমৃত্যু, গ্রেপ্তার প্রেমিকা ও তাঁর মা

নরেন্দ্রপুরে প্রেমিকের রহস্যমৃত্যু, গ্রেপ্তার প্রেমিকা ও তাঁর মা নিজস্ব প্রতিবেদন, নরেন্দ্রপুর: দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে এক তরুণ ইঞ্জিনিয়ারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় নিহতের প্রেমিকা সঞ্চালিকা বসু ও তাঁর মা মৌমিতা বসুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম সার্থক সরকার, তাঁর বাড়ি বারাসতে। পেশায় ইঞ্জিনিয়ার সার্থকের সঙ্গে প্রায় বছরখানেক আগে সঞ্চালিকার পরিচয় হয়। শনিবার রাতে নরেন্দ্রপুরের যে ফ্ল্যাটে এই ঘটনা ঘটে, সেখানে সঞ্চালিকা তাঁর মা ও বাবার সঙ্গে থাকতেন। শনিবার রাতে ওই ফ্ল্যাটে সার্থক, সঞ্চালিকা ও মৌমিতা বসুর উপস্থিতিতে মদ্যপানের আসর বসেছিল। প্রতিবেশীদের দাবি, রাত দেড়টা থেকে দুটোর মধ্যে ফ্ল্যাট থেকে চেঁচামেচির আওয়াজ পেয়ে তাঁরা সেখানে ছুটে যান। ভেতরে গিয়ে দেখেন, সার্থক বিছানায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। এ সময় মৌমিতা বসুর গলায় আঁচড়ের দাগ দেখা যায়। তড়িঘড়ি সার্থককে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং পরে গ্রেপ্তার করে। নিহতের বাবা সুজয় সরকার থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা ও মেয়ে পুলিশকে দাবি করেছে, অতিরিক্ত মদ্যপানের ফলে ভারসাম্য হারিয়ে সার্থক তাঁর চশমার ওপর পড়ে যান এবং কাচের আঘাতে তাঁর মৃত্যু হয়। তবে তদন্তকারীদের দাবি, যুবকের শরীরের ডান দিকে কলার বোনের নিচে ধারালো কোনো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। আঘাতের ধরন দেখে একে দুর্ঘটনা বলে মানতে নারাজ পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট ও জিজ্ঞাসাবাদের ওপর ভিত্তি করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এই ঘটনায় তৃতীয় কোনো ব্যক্তি জড়িত কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে বলে বারুইপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *