স্ত্রীর শাড়ি কিনে বাড়ি ফেরা হলো না, থারের ধাক্কায় ঝরল প্রাণ!

স্ত্রীর শাড়ি কিনে বাড়ি ফেরা হলো না, থারের ধাক্কায় ঝরল প্রাণ!

 

দীপাবলির কেনাকাটা সেরে ফেরার পথে ঘাতক এসইউভির ধাক্কায় প্রাণ হারালেন স্কুটার আরোহী

নিজস্ব প্রতিবেদক: দীপাবলির আনন্দের আবহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫৫ বছর বয়সী সন্তোষ সিং চৌহান। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে দ্রুতগতির একটি মাহিন্দ্রা থারের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, দীপাবলি উপলক্ষে স্ত্রীর জন্য শাড়ি কিনতে সন্তোষবাবু স্কুটার নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কেনাকাটা শেষ করে ফেরার পথেই ঘটে এই বিপত্তি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাতক গাড়িটিতে একজন পুরুষ ও দুইজন নারী ছিলেন। অভিযোগ, চালকের আসনে থাকা নারী গাড়ি চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সন্তোষবাবুর স্কুটারে সজোরে ধাক্কা মারেন।

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, নিয়ন্ত্রণ হারিয়ে এসইউভি-টি প্রথমে অধ্যাপক কৈলাস চৌহানের বাড়ির সীমানা প্রাচীরে ধাক্কা মারে। এরপর সংলগ্ন জিএসটি সুপারিনটেনডেন্ট অনিতা মহাদেবনের বাড়ির প্রাচীর ভেঙে সরাসরি বাগানের ভেতর ঢুকে পড়ে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এলেও ঘাতক গাড়ির আরোহীরা কৌশলে চম্পট দেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ঘটনাস্থলেই ফেলে রেখে তিন আরোহী দ্রুত অন্য একটি গাড়িতে উঠে এলাকা ছাড়েন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করে। গাড়ির নম্বর প্লেট যাচাই করে মালিকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। পুলিশ জানায়, গাড়িটির মালিক কৃষ্ণকুমার, যার ঠিকানা পাঙ্কির পাঙ্কা বাহাদুর নগর এলাকায়।

এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল তল্লাশি চালাচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং অভিযুক্তদের পালানোর পথের গতিবিধি চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিও রেকর্ড করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *