বালিগঞ্জে বামেদের বই বিপণিতে বাধা, স্কুটারে বই রেখেই চলল অভিনব বিক্রি!

বালিগঞ্জে বামেদের বই বিপণিতে বাধা, স্কুটারে বই রেখেই চলল অভিনব বিক্রি!

 

বই বিপণি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশের ভূমিকার বিরুদ্ধে সরব সিপিএম

নিজস্ব প্রতিবেদক: রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিএমের বই বিপণি বা বুক স্টল ভাঙচুর ও পুলিশের বাধার অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। যাদবপুর, কসবা এবং বালিগঞ্জের মতো এলাকায় পুলিশি বাধার মুখে পড়ার পর এবার উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় বইয়ের স্টল ভাঙচুরের অভিযোগ উঠেছে।

ডিওয়াইএফআই নেতা সৈনিক শূর জানান, যাদবপুর, কসবা ও কোয়েস্ট মলের সামনে প্রশাসনের পূর্বানুমতি নিয়েই বই বিক্রির আয়োজন করা হয়েছিল। তাঁর দাবি, কোনও অস্থায়ী কাঠামো তৈরি না করে শুধুমাত্র টেবিল পেতে বই বিক্রি করা হচ্ছিল। কিন্তু পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাফিকের সমস্যার কারণ দেখিয়ে স্টল সরাতে বাধ্য করে। এরপরই অভিনব প্রতিবাদ হিসেবে কর্মীরা স্কুটারের সিটের ওপর বই রেখে বিক্রি চালিয়েছেন।

এদিকে, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম ও হাবড়াতে বইয়ের স্টল ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে। সিপিএমের দাবি, মধ্যমগ্রামের কালুপাড়া পঞ্চায়েত ও হাবড়ার খাড়োবাজারে তাঁদের স্টল ভাঙচুর করা হয়েছে এবং বইপত্র রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। এছাড়া নৈহাটিতে এসএফআইয়ের একটি স্টলেও হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনার জন্য সিপিএম সরাসরি বিজেপিকে দায়ী করেছে। যদিও বিজেপির স্থানীয় নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

উল্লেখ্য, এর আগে বই বিপণিতে হামলার ঘটনা নিয়ে মহম্মদ সেলিমসহ সিপিএমের প্রতিনিধিদল রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। কমিশন এই বিষয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। সিপিএম নেতৃত্বের অভিযোগ, প্রশাসন ও রাজনৈতিক প্রতিপক্ষের চাপে তাঁদের গণতান্ত্রিক কর্মসূচি পালনে বাধা সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *