দীপাবলির পরেই বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ ভারত, তালিকায় আপনার শহর নেই তো?

দীপাবলির পরেই বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ ভারত, তালিকায় আপনার শহর নেই তো?

 

দীপাবলির পর বিষাক্ত ধোঁয়াশায় বিপর্যস্ত উত্তর ভারত, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে একাধিক ভারতীয় শহর

নিজস্ব প্রতিবেদন: দীপাবলির পরের দিন সোমবার সকালে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা ঘন ও বিষাক্ত ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে। প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও দেদার বাজি পোড়ানোর ফলে বাতাসের গুণমান সূচক বা একিউআই (AQI) বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে বলে সরকারি ও আন্তর্জাতিক বুলেটিনে জানানো হয়েছে।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ৪০০-র উপরে একিউআই থাকলে তাকে ‘বিপজ্জনক’ হিসেবে গণ্য করা হয়। সোমবার সকাল সাড়ে ৮টার তথ্য অনুযায়ী, বিশ্বের সবথেকে দূষিত শহরের তালিকার প্রথম ২০টির সবকটিই ভারতের শহর। এর মধ্যে পাঞ্জাবের ভাতিন্ডা ৮১৬ একিউআই নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। ৮০৪ একিউআই নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফরিদকোট। এছাড়া হরিয়ানার রেওয়ারি (৬৯৬), রাজস্থানের শ্রী গঙ্গানগর (৬৮৯) এবং ভারতের রাজধানী নয়াদিল্লি (৬৩৫) তালিকার প্রথম পাঁচটি শহরের মধ্যে রয়েছে। তালিকার প্রথম ২০টির মধ্যে একমাত্র অ-ভারতীয় শহর হিসেবে ১৫ নম্বরে রয়েছে পাকিস্তানের লাহোর (৪৬৬)।

দিল্লির পরিস্থিতি পর্যালোচনায় দেখা গেছে, রবিবার রাত ১০টার দিকেই শহরের একিউআই ৩৭১ ছুঁয়েছিল, যা মধ্যরাতে ৪০০-র সীমা অতিক্রম করে। সোমবার সকাল ৬টা ৫১ মিনিটে দিল্লির একিউআই ৭৭৬-এ পৌঁছায়। ওই সময় বাতাসে পিএম ২.৫-এর মাত্রা ছিল ৫৫৪ µg/m³ এবং পিএম ১০-এর পরিমাণ ছিল ৭০৮ µg/m³।

দেশের অন্যান্য মেট্রো শহরগুলোর অবস্থাও উদ্বেগের। সোমবার সকালে কলকাতার একিউআই ছিল ২৯৬, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বিশ্ব তালিকায় কলকাতা রয়েছে ৯৬ নম্বরে। এছাড়া চেন্নাইয়ের একিউআই ২৫৪ (১১১ নম্বর), হায়দ্রাবাদের একিউআই ২০৭ (১২৮ নম্বর) এবং মুম্বাই ও বেঙ্গালুরুর একিউআই ১৫৭ রেকর্ড করা হয়েছে। আন্তর্জাতিক সূচক অনুযায়ী, মুম্বাই ও বেঙ্গালুরুর বাতাসের মান ‘খারাপ’ ক্যাটাগরিতে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, দীপাবলির রাতে ব্যাপক বাজি পোড়ানোর কারণেই বাতাসের এই চরম অবনতি হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *