বাগবাজারের আলপনায় নয়া ইতিহাস, বিশ্বরেকর্ডের পথে চন্দননগর!

বাগবাজারের আলপনায় নয়া ইতিহাস, বিশ্বরেকর্ডের পথে চন্দননগর!

 

১৯২ বছরে চন্দননগরের বাগবাজার জগদ্ধাত্রী পুজো: রাজপথে আলপনা প্রতিযোগিতায় বিশ্বরেকর্ডের হাতছানি

চন্দননগর: ঐতিহ্য ও আভিজাত্যের মিশেলে ১৯২ বছরে পদার্পণ করল চন্দননগরের অন্যতম প্রাচীন বাগবাজার জগদ্ধাত্রী পুজো। এই পুজো উপলক্ষে আয়োজিত বার্ষিক আলপনা প্রতিযোগিতা এবছর ১৮তম বর্ষে পা রাখল। ১৭৫তম বর্ষে সূচিত এই আলপনা প্রতিযোগিতা বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

জানা গেছে, শুরুর বছর প্রতিযোগীর সংখ্যা মাত্র ১৬৩ জন থাকলেও, এবার হুগলি জেলাসহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০০ জন প্রতিযোগী এই শিল্পযজ্ঞে অংশ নিয়েছেন। বাগবাজার মোড়কে কেন্দ্র করে বাগবাজার রোড, শীতল প্রসাদ ঘোষ রোড এবং নীলকণ্ঠ সরকার রোড—এই তিনটি প্রধান রাস্তা জুড়ে প্রতিযোগীরা তাঁদের তুলির টানে রাজপথকে নান্দনিক কারুকার্যে সাজিয়ে তুলেছেন।

উদ্যোক্তাদের দাবি, একক কোনো পুজো কমিটির উদ্যোগে আয়োজিত এটিই বিশ্বের বৃহত্তম আলপনা প্রতিযোগিতা। তাই এই আয়োজনের নাম ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’-এ অন্তর্ভুক্ত করার জন্য জোরালো দাবি জানিয়েছে পুজো কমিটি।

প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দীপাঞ্জন গুহ। এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “যেকোনো শুভ কাজ আলপনা দিয়েই শুরু হয়। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্রাক্কালে এই উদ্যোগ প্রশংসনীয়। প্রতিযোগিতাটি ভবিষ্যতে আরও বৃহৎ আকার ধারণ করুক, এই কামনাই করি। একই সঙ্গে গিনেস বুকে যাতে এই প্রতিযোগিতার নাম নথিভুক্ত হয়, তার জন্য প্রয়োজনীয় সবরকম সহযোগিতা করা হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *