উৎসবের পরই বদল আবহাওয়ায়, দক্ষিণবঙ্গে কি ফিরছে বৃষ্টির দাপট?

উৎসবের পরই বদল আবহাওয়ায়, দক্ষিণবঙ্গে কি ফিরছে বৃষ্টির দাপট?

 

রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার ইঙ্গিত আবহাওয়া দপ্তরের

নিজস্ব প্রতিবেদন: বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাস এবং পশ্চিমি শুকনো বাতাসের সংঘাতের ফলে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এর প্রভাবে আগামী দুদিন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সোমবার কলকাতা, হাওড়া, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা জেলার কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার এই জেলাগুলির পাশাপাশি হুগলি ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলার কিছু এলাকায় বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার মালদহ ও দুই দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে শুকনো পশ্চিমি হাওয়ার প্রভাবে তাপমাত্রা নিম্নমুখী ছিল। রবিবার দক্ষিণবঙ্গের মধ্যে ঝাড়গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা ওই অঞ্চলের মধ্যে সর্বনিম্ন। একই সময়ে উত্তরবঙ্গের সমতলে কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিংয়ে ৮-৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে।

তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ফের কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি থেকে বেড়ে ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *