পুজো মিটলেও শহরে দাপিয়ে বেড়াচ্ছে বাঁশের জঙ্গল, এবার কড়া শাস্তির মুখে ১৫০ পুজো কমিটি!

রাস্তার ধারে পুজোর বাঁশের কাঠামো না খোলায় ১৫০টি কমিটিকে জরিমানার পথে কলকাতা পুরসভা
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: পুজোর মরশুম শেষ হলেও শহরের বিভিন্ন প্রান্তে এখনও রয়ে গিয়েছে বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত বাঁশের কাঠামো। নিয়ম মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাঠামো না খোলার দায়ে এবার সংশ্লিষ্ট পুজো কমিটিগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা। খবর অনুযায়ী, শহরের প্রায় ১৫০টি পুজো কমিটিকে মোটা অঙ্কের জরিমানা করে নোটিশ পাঠানো হচ্ছে।
পুরসভা সূত্রে জানা গেছে, চলতি বছর ৯৬২টি পুজো কমিটি ও বিজ্ঞাপন সংস্থাকে পুজোর বিজ্ঞাপনের জন্য শর্তসাপেক্ষে ‘এনওসি’ (NOC) প্রদান করা হয়েছিল। শর্ত ছিল, পুজোর পর নির্দিষ্ট সময়ের মধ্যে বিজ্ঞাপন ও তার কাঠামো সরিয়ে নিতে হবে। বহু কমিটি সেই নির্দেশ মানলেও, শহরের একাধিক এলাকায় এখনও হোর্ডিং বা ব্যানারের বাঁশের কাঠামো রয়ে গেছে। পুরসভার বিজ্ঞাপন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, লোকবলের অভাবে সব জায়গা থেকে এই কাঠামো সরানো সম্ভব হয়নি। তাই নিয়ম লঙ্ঘনকারী কমিটিগুলিকে চিহ্নিত করে শাস্তির পথে হাঁটছে কর্তৃপক্ষ।
জরিমানার অংক সম্পর্কে পুরকর্তারা জানিয়েছেন, বিজ্ঞাপন ফির তিনগুণ টাকা জরিমানা হিসেবে ধার্য করা হয়েছে। প্রতি বর্গফুট ৯০ টাকা হারে এই জরিমানার হিসাব করা হচ্ছে। অর্থাৎ, যে কমিটি যত বেশি জায়গা জুড়ে বিজ্ঞাপন দিয়েছিল, তাদের জরিমানার পরিমাণও তত বেশি হবে। উল্লেখ্য, এ বছর পুজোর অস্থায়ী বিজ্ঞাপনের ফ্লেক্স, ব্যানার বা হোর্ডিংয়ের জন্য পুরসভা বিজ্ঞাপন ফি মকুব করে দিয়েছিল। তবুও শর্ত না মানায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, পটারি রোড, কুমোরটুলি, দেশপ্রিয় পার্ক, পাটুলি ও জগৎ মুখার্জি পার্কসহ শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা এই অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকাবাসীদের অভিযোগ, রাস্তার ধারে পড়ে থাকা বাঁশের কাঠামোর কারণে রাস্তা আরও সরু হয়ে গেছে। এর ফলে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে এবং পথচারী থেকে শুরু করে গাড়ি চালকদের চলাচলে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
পুরসভার এক আধিকারিক জানান, জরিমানার নোটিশ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে এবং দ্রুত তা সংশ্লিষ্ট কমিটিগুলির কাছে পৌঁছে দেওয়া হবে। শহরের যানজট নিরসন ও পরিবেশ স্বাভাবিক রাখতে এই কড়া পদক্ষেপ জরুরি বলেই মনে করছে পুর কর্তৃপক্ষ।