ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া কিউইরা, স্কোয়াডে বড়সড় রদবদল!

চোটের ধাক্কায় নিউজিল্যান্ড দলে পরিবর্তন, ফিরছেন ম্যাট হেনরি
নিজস্ব প্রতিবেদক: ভারতের বিরুদ্ধে আসন্ন দুটি ওয়ানডে ম্যাচের আগে বড়সড় চোট সমস্যার মুখে পড়ল নিউজিল্যান্ড। কনকাশন এবং হ্যামস্ট্রিং চোটের কারণে দলের নিয়মিত দুই পেসার ব্লেয়ার টিকনার এবং লকি ফারগুসনকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে কিউইদের।
দ্বিতীয় ওয়ানডে চলাকালীন মাথায় চোট পান ব্লেয়ার টিকনার। স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এলেও আইসিসির বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি অনুযায়ী তাকে সাত দিনের বিশ্রামে থাকতে হচ্ছে। ফলে সিরিজের তৃতীয় ও চতুর্থ ওয়ানডেতে তিনি খেলতে পারবেন না। টিকনারের পরিবর্তে দলে নেওয়া হয়েছে তরুণ ফাস্ট বোলার ক্রিস্টিয়ান ক্লার্ককে। অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজ থেকে ভোগা হ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় লকি ফারগুসনকেও শেষ দুটি ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।
তবে চোটের এই উদ্বেগের মাঝে দলে স্বস্তি ফিরিয়েছেন অভিজ্ঞ পেসার ম্যাট হেনরি। চোট কাটিয়ে তিনি চতুর্থ ওয়ানডে ম্যাচের দলে ফিরছেন। প্রাথমিক সূচি অনুযায়ী তৃতীয় ওয়ানডে শেষে ম্যাট হেনরি ও কাইল জেমিসনের টেস্ট সিরিজের প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা ছিল। তবে বর্তমান সিরিজের গুরুত্ব বিবেচনায় দুজনেই চতুর্থ ওয়ানডে পর্যন্ত দলের সাথে থাকছেন।
এদিকে, আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য টম ল্যাথাম, ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস বুধবার ওয়েলিংটনের উদ্দেশ্যে রওনা দেবেন। ফলে ভারতের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডের দলে তাঁদের রাখা হয়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) হ্যামিল্টনের সেডন পার্কে সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর শুক্রবার (১৩ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।
ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের জন্য নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, কাইল জেমিসন, নিক কেলি, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, নাথান স্মিথ ও উইল ইয়াং।
ভারতের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডের জন্য নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, মিচ হে (উইকেটরক্ষক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, নিক কেলি, টিম সাইফার্ট (উইকেটরক্ষক) ও উইল ইয়াং।