কালীপুজোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড! গঙ্গাসাগর ও রায়দিঘিতে পুড়ে ছাই দোকান ও বাড়ি, মৃত একাধিক পোষ্য

কালীপুজোর রাতে জোড়া অগ্নিকাণ্ড: ভস্মীভূত দোকান ও বাড়ি, আতঙ্ক এলাকায়
নিজস্ব প্রতিবেদক: কালীপুজোর রাতে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গঙ্গাসাগর ও রায়দিঘিতে। দুটি ঘটনাতেই প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে দমকলের ধারণা। আগুন নিয়ন্ত্রণে এলেও কয়েক লক্ষাধিক টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে খবর।
গঙ্গাসাগরের কালিগিরি মন্দিরের কাছে কালীপুজোর গভীর রাতে একটি দোকানে আচমকা আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে তা পাশের আরও দুটি দোকান ও একটি বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে সাগর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দমকলকর্মী ও স্থানীয়দের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে তিনটি দোকান ও একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনের কবলে পড়ে বাড়ির একটি গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। স্থানীয় বাসিন্দা দীপক কুমার জানা ও বিজেপি নেতা দেবাশীষ জানা জানান, খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হলেও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি। ভাগ্যক্রমে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে একই রাতে রায়দিঘির কাছারি মোড়ে ‘সুমন অ্যাকুরিয়াম’ নামে একটি দোকানে আগুন লাগে। স্থানীয়রা শুরুতে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। দোকানে থাকা বেশ কিছু পোষ্য প্রাণীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে অনুমান ব্যবসায়ীর।
দুটি ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে দমকল ও পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে। উৎসবের রাতে এই জোড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।