রাজনৈতিক লড়াই নয়, প্রিয়জন হারানোর যন্ত্রণা! সোনিয়ার বড় স্বীকারোক্তি

সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ প্রকাশিত হচ্ছে ১০ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক:
ইতালির এক সাধারণ তরুণীর ভারত বধূ হয়ে ওঠার নেপথ্যের কাহিনী এবং ব্যক্তিগত শোক ও রাজনৈতিক লড়াইয়ের অভিজ্ঞতার সংমিশ্রণে লেখা সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ আগামী ১০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে চলেছে। হার্পারকলিন্স ইন্ডিয়া থেকে প্রকাশিত এই বইটি প্রকাশের পথে বিভিন্ন আইনি ও অন্যান্য জটিলতা থাকলেও তা কাটিয়ে অবশেষে পাঠকদের হাতে পৌঁছাচ্ছে।
‘দ্য হিন্দু’ পত্রিকায় প্রকাশিত নিবন্ধে সোনিয়া গান্ধী তাঁর জীবনযাত্রার শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করেছেন। তিনি লিখেছেন, ইংল্যান্ডে থাকাকালীন ১৯ বছর বয়সে এক ভারতীয় ছাত্র রাজীব গান্ধীর সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রেম ও ভালোবাসার টানেই তাঁর ভারতে আগমন এবং পরবর্তীতে গান্ধী পরিবারের অংশ হয়ে ওঠা।
বইটির মূল উপজীব্য হিসেবে উঠে এসেছে পারিবারিক সম্পর্কের টানাপোড়েন ও চরম শোকের স্মৃতি। শাশুড়ি ইন্দিরা গান্ধীর সান্নিধ্য এবং তাঁর স্নেহচ্ছায়ায় জীবন অতিবাহিত করার কথা উল্লেখ করে সোনিয়া লিখেছেন, “হিংসার বলি হতে দেখেছি আমার প্রিয়জনদের। শাশুড়ি ইন্দিরা গান্ধী ও স্বামী রাজীব গান্ধীকে হারানোর অসহনীয় যন্ত্রণা থেকে আমাকে টিকে থাকার শক্তি জুগিয়েছে তাঁদের প্রতি ভালোবাসা।”
সোনিয়া গান্ধী জানান, বরাবরই অন্তর্মুখী জীবন যাপন করা তাঁর কাছে সহজ ছিল। কিন্তু প্রিয়জন হারানোর শোক এবং ভারতের প্রতি গভীর দায়বদ্ধতা থেকেই অনিচ্ছাসত্ত্বেও তিনি রাজনীতিতে আসতে বাধ্য হন। গত পাঁচ দশকে ভারতের রূপান্তরের সাক্ষী হওয়ার পাশাপাশি, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও তিনি নিজের জীবনকে দেখেছেন।
এই স্মৃতিকথায় ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মর্মান্তিক হত্যাকাণ্ড ছাড়াও সঞ্জয় গান্ধীর বিমান দুর্ঘটনায় মৃত্যুর মতো হৃদয়বিদারক ঘটনাগুলো স্থান পেয়েছে। পাশাপাশি, ২০০৪ সালে ইউপিএ জোটের জয়ের পর সোনিয়া গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান এবং নেপথ্যে থেকে টানা এক দশক সরকার পরিচালনার সেই ঐতিহাসিক ও রাজনৈতিক সিদ্ধান্তটিও উঠে এসেছে বইটিতে।
ইতালির ছোট্ট শহর থেকে আসা এক তরুণীর ভারতে এসে নিজের ‘ঘর’ খুঁজে পাওয়ার এই রূপকথার মতো অথচ যন্ত্রণাদায়ক যাত্রার সাক্ষী হতে এখন মুখিয়ে রয়েছে পাঠককুল।