সোনিয়া গান্ধীর আত্মজীবনী নিয়ে কেন তোলপাড় দেশ, কী আছে এই বইয়ে?

সোনিয়া গান্ধীর আত্মজীবনী নিয়ে কেন তোলপাড় দেশ, কী আছে এই বইয়ে?

 

১০ নভেম্বর প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর আত্মস্মৃতিমূলক গ্রন্থ

নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ নভেম্বর ভারতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে চলেছে সোনিয়া গান্ধীর বহু প্রতীক্ষিত বইটি। হার্পারকলিন্স ইন্ডিয়ার প্রকাশনায় আসতে যাওয়া এই গ্রন্থে গান্ধী পরিবারের অন্দরমহল এবং নিজের জীবনযুদ্ধের অজানা কাহিনী তুলে ধরেছেন তিনি।

প্রকাশের ঠিক আগে ‘দ্য হিন্দু’ পত্রিকায় প্রকাশিত এক বিশেষ নিবন্ধে সোনিয়া গান্ধী জানান, বাইরে থেকে তাঁর পরিবারকে নিয়ে বহু কিছু লেখা হলেও তাঁদের প্রকৃত সত্তা খুব কমই ফুটে উঠেছে। তিনি বলেন, “আমার পরিবারকে নিয়ে এযাবৎ অনেক কিছু লেখা হয়েছে, কিন্তু খুব কম ক্ষেত্রেই তাঁদের প্রকৃত সত্তা উঠে এসেছে। আমি আমার পরিবারকে ঠিক সেভাবেই তুলে ধরেছি, যেভাবে আমি তাঁদের অন্তর থেকে চিনেছি।”

বইটিতে নিজের জীবনের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেছেন সোনিয়া। ইতালীয় তরুণীর পরিচয়ে ইংল্যান্ডে রাজীব গান্ধীর সঙ্গে প্রথম সাক্ষাৎ থেকে শুরু করে বিবাহসূত্রে ভারতে আসা, শাশুড়ি ইন্দিরা গান্ধীর সঙ্গে গভীর সম্পর্ক এবং পরবর্তী জীবনের চড়াই-উতরাইয়ের কথা উঠে এসেছে তাঁর কলমে। বিশেষ করে, হিংসার বলি হয়ে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মর্মান্তিক হত্যাকাণ্ড কীভাবে তাঁর জীবনকে ওলটপালট করে দিয়েছিল, তা অত্যন্ত আবেগপ্রবণ ভাষায় বর্ণনা করেছেন তিনি। সোনিয়া লিখেছেন, “হিংসার কারণে আমি প্রথমে আমার শাশুড়ি ও পরে স্বামীকে হারিয়েছি। কিন্তু ভালোবাসা ও দায়িত্ববোধই আমাকে টিকে থাকার শক্তি দিয়েছে এবং না চাইলেও রাজনীতিতে টেনে এনেছে।”

রাজনীতিতে সক্রিয় থাকলেও দীর্ঘ পাঁচ দশক ধরে নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রেখেছিলেন তিনি। এই গ্রন্থে সঞ্জয় গান্ধীর বিমান দুর্ঘটনা, ইন্দিরা ও রাজীবের নৃশংস হত্যাকাণ্ড এবং ২০০৪ সালে প্রধানমন্ত্রী পদ প্রত্যাখ্যানের মতো ভারতের ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অধ্যায়ের ব্যক্তিগত ও নিরপেক্ষ বিবরণ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

পেঙ্গুইন র‍্যান্ডম হাউসের সঙ্গে প্রাথমিক অচলবস্থা কাটানোর পর অবশেষে হার্পারকলিন্স ইন্ডিয়া বইটি প্রকাশের দায়িত্ব নিয়েছে। ভারতীয় রাজনীতির দীর্ঘ পরিবর্তনের সাক্ষী হয়ে থাকা সোনিয়া গান্ধীর এই বইটির দিকে এখন নজর রয়েছে রাজনৈতিক মহল ও পাঠকদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *