বক্সায় ফিরেও কেন শান্ত হচ্ছে না বাঘিনি, ঘরে ফেরার পথে বাধা কোথায়?

বক্সা থেকে ফের উধাও ‘ডুয়ার্স-রানি’, অস্বস্তিতে বন দফতর
নিজস্ব প্রতিবেদন: বক্সা টাইগার রিজার্ভের ঘেরাটোপ (এনক্লোজার) ভেঙে ফের বেরিয়ে পড়েছে বাঘিনি, যাকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বনমহলে। সিসিটিভি ফুটেজে বাঘিনির এই মরিয়া আচরণ দেখে রীতিমতো অবাক বনকর্তারা। সোমবার বনমন্ত্রী মনোজকুমার ওঁরাও এনক্লোজার পরিদর্শন করে জানান, বাঘিনি প্রায় দুই ফুট গভীর মাটি খুঁড়ে ঘেরাটোপের বাইরে বেরিয়ে গিয়েছে।
বনমন্ত্রী জানান, ঘুমপাড়ানি গুলির প্রভাব কাটার পর থেকেই বাঘিনিটি বারবার বাইরে যাওয়ার চেষ্টা করছিল। এনক্লোজারের বিভিন্ন অংশ আঁচড়ে ও থাবা দিয়ে সে ভাঙার চেষ্টা চালিয়েছিল। মন্ত্রীর দাবি, বাঘের স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী নতুন জায়গায় এসে এলাকা ঘুরে দেখার প্রবণতা থাকে। তিনি আশ্বস্ত করে বলেন, বাঘিনি এখনও বক্সার সীমানার মধ্যেই রয়েছে।
তবে বনমন্ত্রীর আশ্বাসেও দুশ্চিন্তা কাটছে না বন দফতরের। বিশেষজ্ঞদের মতে, বাঘিনিটি পুনরায় অসমের রায়মনা অভয়ারণ্যের দিকে পা বাড়াতে পারে, যেখানে পুরুষ বাঘের উপস্থিতি রয়েছে। দ্বিতীয় উদ্বেগের কারণ বাঘিনির উত্তর দিকে ভুটানের গভীর জঙ্গলের দিকে চলে যাওয়া। ভুটানে প্রবেশ করলে রেডিও কলারের সিগন্যাল পাওয়া কঠিন হবে এবং আন্তর্জাতিক কূটনৈতিক জটিলতার কারণে তাকে ফিরিয়ে আনা চ্যালেঞ্জিং হয়ে উঠবে।
সূত্রের খবর, গত ৩৫ দিনে বাঘিনিটিকে তিনবার ঘুমপাড়ানি গুলি প্রয়োগ করা হয়েছে। বাঘিনির স্বাস্থ্যের কথা ভেবে আর গুলি না করে, বিকল্প হিসেবে তাকে ফেরানোর চেষ্টা চলছে। এই মুহূর্তে ৬০ জন প্রশিক্ষিত বনকর্মী এবং তিনটি কুনকি হাতি (ভরত, সারথি ও ভিট্টালা) বাঘিনির গতিবিধি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে।
উল্লেখ্য, বক্সায় বাঘ ফেরানোর প্রকল্পের জন্য ইতিমধ্যে ১২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বাঘিনির জন্য ৩৮০ হেক্টর জমিতে ঘাসজমি তৈরি এবং শিকারের জন্য ৮০০ চিতল হরিণ ছাড়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু পর্যাপ্ত খাবার ও জল থাকা সত্ত্বেও বাঘিনির বারবার অসমমুখী হওয়া বনকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বসতি এলাকা সংলগ্ন হওয়ার কারণেই সে এলাকা ছাড়তে চাইছে কি না, তা নিয়েও মতভেদ রয়েছে বন আধিকারিকদের মধ্যে। বর্তমানে বাঘিনিকে বক্সার সীমানার ভেতরে আটকে রাখাই বন দফতরের কাছে এখন বড় চ্যালেঞ্জ।