দীপাবলির পরের রাতেও শহরে শব্দবাজির দাপট, গ্রেফতার ১১!

কালীপুজোর পরের দিনও রাজ্যজুড়ে শব্দবাজির দাপট, ধরপাকড় পুলিশের
কলকাতা: কালীপুজোর পরের দিনও কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত থাকল নিষিদ্ধ শব্দবাজির দাপট। সোমবার সন্ধ্যা নামার পর থেকেই শহর থেকে জেলা— সর্বত্রই বিধি ভেঙে দেদার বাজি ফাটানোর অভিযোগ উঠেছে। যদিও প্রশাসনের দাবি, রবিবার রাতের তুলনায় সোমবার শব্দবাজির প্রকোপ কিছুটা কম ছিল।
কলকাতায় নিষিদ্ধ বাজি পোড়ানোর অপরাধে সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং ১২ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়াও অভব্য আচরণের অভিযোগে আরও ৫৬ জনকে আটক করা হয়েছে।
রাজ্যের অন্যান্য জেলার পরিস্থিতিও ছিল প্রায় একই রকম। হাওড়া, শিলিগুড়ি ও কোচবিহারে রবিবারের তুলনায় কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শব্দবাজির তাণ্ডব চলেছে। পুরুলিয়া জেলাতেও গ্রামাঞ্চল থেকে শহর পর্যন্ত শব্দবাজির রমরমা দেখা গেছে। হুগলি জেলায় আরামবাগ মহকুমায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও চন্দননগর পুলিশ কমিশনারেট ও গ্রামীণ পুলিশ এলাকাগুলোর পরিস্থিতি ছিল উদ্বেগজনক। উত্তরপাড়া, শ্রীরামপুর, চুঁচুড়া, তারকেশ্বর ও সিঙ্গুর-সহ একাধিক এলাকায় অবাধে নিষিদ্ধ বাজি ফাটানো হয়েছে।
নদিয়া ও মুর্শিদাবাদের বিভিন্ন শহরে প্রতিমা বিসর্জনের সময় শব্দসীমা ও সময়সীমার তোয়াক্কা না করেই চলেছে বাজির দাপট। কৃষ্ণনগর ও কল্যাণীর আবাসিক এলাকা এবং হাসপাতাল সংলগ্ন এলাকায় শব্দবাজির দাপটে প্রবীণ নাগরিক ও রোগীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। বহরমপুর শহরজুড়ে রাতের দিকে বাজির ধোঁয়ায় ধোঁয়াশা পরিস্থিতির সৃষ্টি হয়। অন্যদিকে, পূর্ব ও পশ্চিম বর্ধমানের বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলেও বিধি উপেক্ষা করে দেদার বাজি ফাটানো হয়েছে। জলপাইগুড়ির মালবাজার, ধূপগুড়ি ও জলপাইগুড়ি শহরেও নিষিদ্ধ বাজির দাপটে সাধারণ মানুষের নাজেহাল দশা।
তবে ব্যতিক্রমী চিত্র দেখা গেছে উত্তর ২৪ পরগনা ও বীরভূমে। উত্তর ২৪ পরগনায় রবিবার তুলনায় সোমবার বাজির দাপট কম ছিল বলে খবর। বীরভূমের ক্ষেত্রেও অন্য বছরের তুলনায় এ বছর বাজি ফাটানোর প্রবণতা অনেকটাই কম বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে, রাজ্যজুড়ে শব্দবাজি নিয়ন্ত্রণে প্রশাসনের সক্রিয়তা সত্ত্বেও বিধিভঙ্গের ছবিই সোমবার রাত পর্যন্ত প্রকট ছিল।