গ্রেফতার ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাস! মুম্বই পালানোর সময় বিমানবন্দরেই বাজিমাত পুলিশের

গ্রেফতার ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাস! মুম্বই পালানোর সময় বিমানবন্দরেই বাজিমাত পুলিশের

 

ধর্ষণ ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস

নিজস্ব প্রতিবেদক, বারুইপুর: ধর্ষণ ও প্রাণনাশের হুমকির অভিযোগে অভিযুক্ত ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। মুম্বই পালানোর উদ্দেশ্যেই তিনি বিমানবন্দরে এসেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, গত ৫ সেপ্টেম্বর ক্যানিং থানায় এক মহিলা বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ, শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। অভিযোগ দায়েরের পর থেকেই বিধায়ক গা-ঢাকা দিয়েছিলেন। তাঁর সন্ধানে পুলিশ একাধিকবার তাঁর বাড়িতে তল্লাশি চালালেও তাঁকে পাওয়া যায়নি। এরপরই বারুইপুর জেলা পুলিশের একটি বিশেষ দল তাঁর গতিবিধির ওপর নজরদারি শুরু করে।

তদন্তকারীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিধায়ক কলকাতা বিমানবন্দর হয়ে মুম্বই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। গোপন সূত্রে সেই খবর পাওয়ামাত্রই বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশের একটি বিশেষ টিম সেখানে পৌঁছায়। বিমানে ওঠার আগেই অভিযুক্তকে ঘিরে ধরে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, পরেশরাম দাসের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগের তালিকা রয়েছে। এর আগে মাতলা নদীর সরকারি চর অবৈধভাবে দখল করা, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে এলাকায় ব্যাপক সন্ত্রাস, বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগে তাঁর নাম জড়িয়েছিল। এমনকি ওই ঘটনায় তাঁকে সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়েছিল।

গ্রেফতারের পর মঙ্গলবার রাতেই বিধায়ককে বারুইপুরে নিয়ে আসা হয়। জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে। ধর্ষণ মামলার তদন্তে প্রয়োজনে বিধায়ককে নিজেদের হেফাজতে নিতে আবেদন জানাবে পুলিশ। শাসকদলের বিধায়কের এই গ্রেফতারের ঘটনায় দক্ষিণ ২৪ পরগনা জেলাসহ রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *