ভারতই আমার ঘর, রাজীবের স্মৃতি আঁকড়ে দেশ ছাড়েননি সোনিয়া গান্ধী

সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এ নিজের জীবনের কঠিনতম অধ্যায়গুলোর কথা তুলে ধরেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। রাজীব গান্ধীর মৃত্যুর পর চরম শোকের মুহূর্তে তাঁর বোন তাঁকে জন্মভূমি ইতালিতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সোনিয়া সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারতই ছিল তাঁর এবং তাঁর সন্তানদের প্রকৃত ঘর। ইতালিতে জন্ম হলেও এই মাটিতেই ছিল তাঁর প্রেম, সংসার এবং রাজীবের সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি। তাই সব হারিয়েও এই দেশ ছেড়ে যাওয়ার কথা তিনি ভাবতে পারেননি।
রাজীব গান্ধীর মৃত্যুর পরবর্তী সময়টি সোনিয়ার জন্য ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন, সেই সময় সোনিয়া দিনের পর দিন অন্ধকার ঘরে একা বসে থাকতেন এবং ব্যাকগ্রাউন্ডে বাজত মোৎজার্টের শোকসংগীত ‘রিকুয়িম’। দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কাকে নিয়ে জীবন নতুন করে গুছিয়ে নেওয়া ছিল তাঁর কাছে এক বড় সংগ্রাম। রাজনৈতিক হিংসা ও অনিশ্চয়তার ছায়া তাঁদের পরিবারকে সবসময় তাড়া করে বেড়াত। এমনকি ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর থেকেই রাজীবের নিরাপত্তা নিয়ে সোনিয়া চরম আতঙ্কে থাকতেন।
পরিস্থিতি এতটাই জটিল ছিল যে, রাজীব ও সোনিয়া নিজেদের শেষকৃত্য কীভাবে সম্পন্ন হবে, তা নিয়েও আগে থেকে নোট লিখে রেখেছিলেন। কেমব্রিজে পড়ার সময় রাজীবের সঙ্গে পরিচয় এবং ১৯৬৮ সালে তাঁদের বিয়ে হয়। একজন ইতালীয় তরুণী থেকে ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠার এই দীর্ঘ যাত্রায় সোনিয়া প্রমাণ করেছেন, ভালোবাসার টানেই তিনি ভারতকে নিজের ঠিকানা হিসেবে বেছে নিয়েছিলেন। রাজীবের চিরবিদায়ের পরও তিনি ভারতের মাটিকে আঁকড়ে ধরে রেখেছিলেন কেবল আত্মিক টানে।