কলকাতায় বসছে ১৯তম প্রবাসী ভারতীয় দিবস, উদ্বোধন করলেন বিদেশমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবনে আনুষ্ঠানিকভাবে ১৯তম প্রবাসী ভারতীয় দিবসের ওয়েবসাইট ও ডিজিটাল পোর্টাল চালু করা হয়েছে। ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই কার্যক্রম শুরু হয়। আগামী ৭ থেকে ৯ জানুয়ারি ২০২৭ পর্যন্ত কলকাতায় এই মেগা সম্মেলন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৪৯ বছর পর বাংলা এই সম্মেলনের আয়োজক হিসেবে নির্বাচিত হয়েছে।
সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো ‘ফ্রম রুটস টু রিটার্ন: রিইগনাইটিং ডায়াস্পোরা কানেক্ট উইথ ভারত’। ৭ জানুয়ারি ‘যুব প্রবাসী ভারতীয় দিবস’ দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূল সম্মেলনের উদ্বোধন করবেন এবং ৯ জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কৃতি প্রবাসীদের ‘প্রবাসী ভারতীয় সম্মান’ প্রদান করবেন। বিদেশমন্ত্রী জয়শঙ্কর প্রবাসীদের ভারত ও বিশ্বের মধ্যে ‘জীবন্ত সেতু’ হিসেবে অভিহিত করে কলকাতার ঐতিহাসিক গুরুত্বের কথা তুলে ধরেন।
নতুন চালু হওয়া ওয়েবসাইটের মাধ্যমে প্রবাসীরা রেজিস্ট্রেশন, আবাসন ও ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। এছাড়া ১১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ‘ভারত কো জানিয়ে’ নামক একটি ডিজিটাল কুইজ প্রতিযোগিতা চলবে। এই কুইজের বিজয়ীরা ভারত ভ্রমণের পাশাপাশি কলকাতায় আয়োজিত এই সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পাবেন। শীতের কলকাতায় এই বিশ্বমানের সম্মেলনকে কেন্দ্র করে এখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছে।