প্রবাসী ভারতীয়দের কলকাতায় আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রবাসী ভারতীয়দের কলকাতায় আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী ভারতীয় দিবস কনভেনশনের অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর। আগামী ৭ থেকে ৯ জানুয়ারি ২০২৭ পর্যন্ত কলকাতায় এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই আয়োজনকে সফল করতে রাজ্য প্রশাসনের স্বরাষ্ট্র দফতরকে নোডাল ডিপার্টমেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং মোট ১৪টি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, প্রবাসীদের আতিথেয়তার জন্য পশ্চিমবঙ্গ সম্পূর্ণ প্রস্তুত। নতুন চালু হওয়া পোর্টালে থাকা-খাওয়া, হোটেল, হোম-স্টে এবং বিশেষ ট্যুরিজম প্যাকেজের যাবতীয় তথ্য যুক্ত করা হয়েছে। প্রবাসীরা যাতে বাংলার শিল্প, সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারেন, তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী প্রবাসীদের কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দির দর্শনের আমন্ত্রণ জানান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতি অনুসরণ করে এই সম্মেলনকে সর্বকালের সেরা করে তোলার অঙ্গীকার করেন।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কলকাতার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে জানান, প্রবাসী ভারতীয়রা ভারত ও বিশ্বের মধ্যে এক জীবন্ত সেতু। একসময় এই বন্দর থেকেই ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে পাড়ি দিয়েছিলেন। তাই শিকড়ের টানে প্রবাসীদের ঘরে ফেরার জন্য কলকাতা উপযুক্ত স্থান। ওয়েবসাইট লঞ্চের পাশাপাশি এদিন ‘ভারত কো জানিয়ে’ নামক একটি ডিজিটাল কুইজেরও সূচনা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন এবং ৯ জানুয়ারি সমাপ্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত থাকবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *