লস অ্যাঞ্জেলেসে মিনিভ্যান দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, গ্রেপ্তার চালক

লস অ্যাঞ্জেলেসের উত্তর হলিউড এলাকায় একটি ব্যস্ত মোড়ে মিনিভ্যান দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ইহোর ডেমিয়ানেনকো নামে এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভিড়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মিনিভ্যানটি ফুটপাতে উঠে পথচারী ও খাবার বিক্রেতাদের ধাক্কা দেয়। দুর্ঘটনার পর সামান্য আহত অবস্থায় চালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বুধবার তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং জামিনের পরিমাণ ৬ মিলিয়ন ডলারের বেশি নির্ধারণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। এটি ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনাজনিত, তা খতিয়ে দেখা হচ্ছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের প্রধান জিম ম্যাকডোনেল জানিয়েছেন, তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে দীর্ঘ ও সতর্ক তদন্ত চালানো হবে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে রক্তাক্ত অবস্থায় বেশ কয়েকজনকে পড়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনার পর ওই এলাকায় উদ্ধারকাজ চালানো হয় এবং জরুরি পরিষেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার ফলে মেট্রোর একটি প্রবেশদ্বার সাময়িকভাবে বন্ধ রাখা হলেও বাস ও পাতাল রেল পরিষেবা স্বাভাবিক ছিল।