অজানা সৈনিকের সমাধিতে বিশৃঙ্খলা, মার্কিন যুদ্ধ সচিবকে সতর্ক করলেন সেন্টিনেল

ভেটেরান্স ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের পর ওয়াশিংটনের আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে অজানা সৈনিকের সমাধির সামনে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথ তার স্ত্রী এবং কয়েকজন সহযোগীর সঙ্গে সমাধির পাশে ছবি তোলার জন্য থামেন। সেই সময় তাদের দলের কয়েকজন সদস্য হাসাহাসি ও কথাবার্তা শুরু করলে সমাধিস্থলের পবিত্রতা বিঘ্নিত হয়।
পরিস্থিতি সামাল দিতে সেখানে কর্তব্যরত সেন্টিনেল বা প্রহরী দ্রুত হস্তক্ষেপ করেন। তিনি কঠোর স্বরে উপস্থিত সকলকে মনে করিয়ে দেন যে, এই পবিত্র স্থানে সর্বদা নীরবতা ও যথাযথ সম্মান বজায় রাখা বাধ্যতামূলক। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল পরবর্তীতে এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ওই প্রহরী তার দায়িত্ব পালন করেছেন এবং দর্শকদের যথাযথ আচরণবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, অজানা সৈনিকের সমাধি মার্কিন সামরিক বাহিনীর কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। ১৯৪৮ সাল থেকে ‘দ্য ওল্ড গার্ড’-এর প্রহরীরা যেকোনো পরিস্থিতিতে এই সমাধির নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করে আসছেন। এই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বর্তমানে পিট হেগসেথকে নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন তদন্ত ও বিতর্ক চলছে, যার মধ্যেই এই ঘটনাটি প্রকাশ্যে এল।