উত্তরপ্রদেশে থানা থেকে ফেরার পথে গুলি করে খুন লস্কর-ই-তৈবা মামলায় অভিযুক্ত

উত্তরপ্রদেশের রামপুর জেলায় থানা থেকে বাড়ি ফেরার পথে গুলি করে হত্যা করা হলো লস্কর-ই-তৈবা মামলায় অভিযুক্ত শরীফকে। মঙ্গলবার খাজুরিয়া থানা থেকে ছেলের সঙ্গে বাইকে করে ফেরার সময় দুই দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ২০০৭ সালে রামপুরের সিআরপিএফ ক্যাম্পে হামলার ঘটনায় শরীফকে মৃত্যুদণ্ড দিয়েছিল স্থানীয় আদালত, যা পরে এলাহাবাদ হাইকোর্ট যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করে। শারীরিক অসুস্থতার কারণে গত বছর তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।
নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের ফোন পেয়েই তিনি থানায় গিয়েছিলেন। শরীফের ভাইয়ের দাবি, মঙ্গলবার তার থানায় যাওয়ার কথা ছিল না। কিন্তু এক কনস্টেবলের বারবার ফোন ও ভারপ্রাপ্ত কর্মকর্তার তলবের কারণেই তিনি থানায় যান। থানা থেকে মাত্র ১০০ মিটার দূরে এই হামলার ঘটনাকে পরিবারের সদস্যরা একটি সুপরিকল্পিত ফাঁদ বলে অভিহিত করেছেন। এই হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় গ্রাম প্রশাসকও।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রামপুরের খাজুরিয়া থানার অফিসার ইনচার্জ মনোজ পান্ডে জানিয়েছেন, নিহতের ছেলের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তিন চিকিৎসকের একটি প্যানেল গঠন করা হয়েছে। পরিবারের তোলা অভিযোগের বিষয়টিও তদন্তের আওতায় আনা হবে বলে পুলিশ জানিয়েছে। তবে এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।