কলকাতায় বসছে প্রবাসী ভারতীয় দিবস, উদ্বোধন করলেন বিদেশমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আগামী ৭ থেকে ৯ জানুয়ারি ২০২৭ পর্যন্ত কলকাতায় অনুষ্ঠিত হতে চলা প্রবাসী ভারতীয় দিবসের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও ডিজিটাল পোর্টাল উদ্বোধন করা হয়েছে। ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যৌথভাবে এই পোর্টালের সূচনা করেন। দীর্ঘ ৪৯ বছর পর কলকাতায় এই মেগা সম্মেলন আয়োজিত হতে চলেছে, যা প্রবাসী ভারতীয়দের সঙ্গে মাতৃভূমির আত্মিক সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
১৯তম প্রবাসী ভারতীয় দিবসের মূল প্রতিপাদ্য হলো ‘ফ্রম রুটস টু রিটার্ন: রিইগনাইটিং ডায়াস্পোরা কানেক্ট উইথ ভারত’। অনুষ্ঠানের প্রথম দিন ৭ জানুয়ারি ‘যুব প্রবাসী ভারতীয় দিবস’ পালিত হবে। মূল সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ৯ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কৃতি প্রবাসীদের হাতে ‘প্রবাসী ভারতীয় সম্মান’ তুলে দেবেন। বিদেশমন্ত্রী ড. জয়শঙ্কর কলকাতার ঐতিহাসিক গুরুত্বের কথা উল্লেখ করে জানান, প্রবাসীদের শিকড়ের টানে ঘরে ফেরার জন্য এই শহর অত্যন্ত উপযুক্ত স্থান।
নতুন চালু হওয়া ওয়েবসাইটের মাধ্যমে প্রবাসীরা রেজিস্ট্রেশন, আবাসন, ভ্রমণ প্যাকেজ এবং বাংলার দর্শনীয় স্থান সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন। এছাড়া ১১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ‘ভারত কো জানিয়ে’ নামক একটি ডিজিটাল কুইজ প্রতিযোগিতা চলবে। এই কুইজের বিজয়ীরা ভারত ভ্রমণের পাশাপাশি কলকাতার এই ঐতিহাসিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পাবেন। শীতের কলকাতায় আয়োজিত এই সম্মেলন বিশ্বমঞ্চে বাংলার শিল্প ও সংস্কৃতিকে নতুন করে তুলে ধরার এক অনন্য সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।